


নয়াদিল্লি: আশঙ্কাই সত্যি হল। এশিয়ান শেয়ার বাজারগুলিতে ভয়াবহ পতনের পর সোমবার রক্তস্নাত ভারতীয় বাজারও! আজ, সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে ট্রাম্পের শুল্কবাণে বিদ্ধ হল বাজার সূচকগুলি। বাজার খুলতেই ধস নামে সেনসেক্স ও নিফটিতে। গত কয়েক বছরে সবচেয়ে ভয়াবহ পতনের সাক্ষী রইল ভারতীয় শেয়ার বাজার।
দিনের শুরুতেই ৩ হাজার পয়েন্টেরও বেশি নীচে নেমে যায় সেনসেক্স। অন্যদিকে ১ হাজার পয়েন্ট পতনের সাক্ষী হয় নিফটিও। ভয়াবহ এই ধ্বংসযজ্ঞে বাজার থেকে উবে যায় প্রায় ১৯ লক্ষ কোটি টাকা। মাথায় হাত পড়ে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের। তবে দুঃসময়ের শেষ এখনই নয়। বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা, আরও নীচের দিকে ধাবিত হতে পারে সেনসেক্স নিফটি।
কেন পড়ছে শেয়ার বাজার: বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিশ্বজুড়ে অস্থিরতার জেরেই সমস্ত শেয়ার বাজারগুলিতেই এই রক্তস্নান চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্ক নীতির জেরে বিভিন্ন দেশের আর্থিক বাজারে যে ধাক্কা লেগেছে, তার প্রভাবে কেঁপে উঠেছে শেয়ার বাজারও। পাশাপাশি একইসঙ্গে, মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা। বিধ্বস্ত হয়ে রয়েছে গাজা, সংকট কাটেনি ইউক্রেনেও। ফলে ধস নামছে অর্থনীতিতে, টানা পতনের সাক্ষী থাকছে শেয়ার বাজারগুলি।