


ভুবনেশ্বর: ওড়িশায় লাইনচ্যুত হল শালিমার-সম্বলপুর মহিমা গোসাঁই এক্সপ্রেস (২০৮৩১)। বৃহস্পতিবার সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ সম্বলপুর সিটি স্টেশন ছাড়ে ট্রেনটি। কিছুক্ষণের মধ্যেই সম্বলপুর সিটি স্টেশন ও সম্বলপুর জাংশনের মাঝের ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা ও পুলিস। তাঁরা জানিয়েছেন, এদিন সম্বলপুরের কাছে ট্রেনটির জেনারেল কামরার চাকা লাইনচ্যুত হয়। হঠাৎ ঝাঁকুনির জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। ট্রেনটিরও কোনও ক্ষতি হয়নি। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে যান সম্বলপুরের ডিআরএম। তিনি জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।