


লখনউ, ১৭ জুন: আফগানিস্তানকে হারিয়ে ১৭০ রানে জয়ী হল টিম ইন্ডিয়া। ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন শুভমানরা। আজ, বুধবার ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও আফগানিস্তান। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ। প্রথমে ব্যাট করতে নেমে কার্যত ঝড় তোলে ভারতীয় ক্রিকেট দল। যশস্বী (৪) এবং রোহিত শর্মা (৪৮) রানে আউট হয়ে যান। এরপর বিধ্বংসী ব্যাটিং শুরু করেন অধিনায়ক শুভমান গিল। করেন ১৫৪ রান। মারেন ২টি ছয় এবং ২২টি চার। তাঁকে যোগ্যসঙ্গত দেন ঈশান কিষাণ। তিনি ৭৯ বলে ১২৫ রান করেন। এরপর অবশ্য শ্রেয়সের (২৬) এবং ওয়াশিংটনের (১৯) রান ছাড়া সেভাবে কেউই তেমন রান পাননি। কিপার কে এল রাহুল (০), গুরনোর (৩), অর্শ্বদীপ (৩), কুলদীপ (৩) এবং প্রিন্স যাদব (৫) রান করেন। ৪৯.৫ ওভারে ৪০২ রান তোলে ভারতীয় দল। আফগানিস্তানের বোলার খারোটি নেন ৪টি উইকেট। ৩টি উইকেট পান রশিদ খান। ১টি করে উইকেট আসে খাজানফার এবং সালিম সাফির ঝুলিতে।
এরপর ব্যাট করতে নামে আফগান টিম। কিপার গুরবাজ ৪১ রানে আউট হন। অর্শ্বদীপের বলে প্রিন্সের হাতে ক্যাচ দিয়ে আউট হন ইব্রাহিম (২১)। ওয়াশিংটনের বলে এলবিডব্লু হন সিদিকুল্লা (৪২)। চোটের কারণে ৬ রানের মাথায় মাঠ ছাড়েন রাসোলি। অধিনায়ক হাসমাতুল্লাহ ৪ রানে প্যাভিলিয়নে ফেরেন। দলের স্কোর তখন ২৪.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান। ৬ রানের মাথায় প্রিন্সের বলে বোল্ড হন খারোটি। ১২ রানে আউট হন রশিদ খান। ১ রানে প্যাভিলিয়নে ফেরেন খাজানফার। গুরনোরের বলে ৯ রানে বোল্ড হন সেলিম। শেষে ৭৯ রানে আউট হন রহমত শাহ। আফগানিস্তানকে হারিয়ে ১৭০ রানে জয়ী হয় ভারত। ৩টি করে উইকেট নেন অর্শ্বদীপ এবং গুরনোর। ২টি উইকেট পান প্রিন্স যাদব। ১টি উইকেট নেন ওয়াশিংটন।