


অসুস্থ চিত্রনাট্যকার সেলিম খান। মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি নবতিপর চিত্রনাট্যকারকে নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপালাতে ভর্তি করেন ছেলে সলমন খান। দুপুরের দিকে হাসপাতালে পৌঁছন জামাই তথা অভিনেতা আয়ুষ শর্মা, আরবাজ খান, সোহেল। যদিও কী কারণে সেলিম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা স্পষ্ট নয়। সূত্রের খবর, আইসিইউতে রয়েছেন চিত্রনাট্যকার। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। জানা গিয়েছে, যাবতীয় কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন সলমন। সেলিম খান সুস্থ হলেই ফের কাজে ফিরবেন অভিনেতা। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে সাত-আট দশকে একাধিক ব্লকবাস্টার চিত্রনাট্য লিখেছিলেন সেলিম। ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ডন’, ‘জঞ্জির’— তালিকায় বহু ছবি।