


নয়াদিল্লি, ৩০ অক্টোবর: এসআইআর প্রক্রিয়ার সময়সীমা ফের বাড়াল নির্বাচন কমিশন। তৃতীয়বারের জন্য সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা এবং নাগাল্যান্ডের ক্ষেত্রে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী পাঁচটি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ৩০ নভেম্বর। অপরদিকে দিল্লিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছে আগামী ২২ ডিসেম্বর।
জানা গিয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট এসআইআর প্রক্রিয়ার সময়সীমা নিয়ে কড়া অবস্থান নেওয়ার দুইদিনের মধ্যেই এই পরিবর্তন করা হল। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী মহারাষ্ট্রে দাবি ও আপত্তি জানানোর শেষ দিন ২৬ অক্টোবর থেকে বাড়িয়ে ১৩ নভেম্বর করা হয়েছে। দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। এরপর ৩০ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। রাজ্যটিতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল ৩১ আগস্ট। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশের দাবি ও আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ২০ নভেম্বর। এরপর ৩০ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। অপরদিকে, দিল্লিতে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা ৩০ অক্টোবর থেকে বাড়িয়ে ২৫ নভেম্বর করা হয়েছে। আপত্তি নিষ্পত্তির শেষ দিন ৩০ নভেম্বরের পরিবর্তে ১৫ ডিসেম্বর করা হয়েছে ইতিমধ্যেই। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২২ ডিসেম্বর। নির্বাচন কমিশনের তরফে সংশ্লিষ্ট আধিকারিকদের নতুন সময়সূচি ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। যোগ্য ভোটাররা যাতে তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারেন অথবা প্রয়োজনীয় সংশোধন করাতে পারেন তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। ভোটাররা বিস্তারিত তথ্যের জন্য নির্বাচন কমিশনের ভোটারস সার্ভিস পোর্টালে যোগাযোগ করতে পারবেন।