


মুম্বই: বৃহস্পতিবার ডিওয়াই পাটিল স্টেডিয়ামে বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া। কয়েকদিন আগেই লিগের ম্যাচে অজিদের কাছে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। হরমনপ্রীত কাউরদের সামনে তাই বদলা নেওয়ার মঞ্চ হাজির। কিন্তু এবারের আসরে একমাত্র হলুদ জার্সিধারীরাই অপরাজিত। সাতবারের চ্যাম্পিয়নও অস্ট্রেলিয়া। ফলে কাজটা সহজ হবে না। তার উপর দুরন্ত ছন্দে থাকা ওপেনার প্রতীকা রাওয়ালের ছিটকে যাওয়াও চাপে রাখছে ভারতকে। পরিবর্ত হিসেবে দলে যোগ দিয়েছেন শেফালি ভার্মা। এরমধ্যেই মহিলাদের ওডিআই র্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষে নিজের অবস্থান জোরালো করলেন স্মৃতি মান্ধানা। ২৯ বছর বয়সি চলতি বিশ্বকাপে সাত ইনিংসে ৩৬৫ রানে রয়েছেন সবার উপরে। এর সুবাদেই তাঁর রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে কেরিয়ারের সেরা ৮২৮। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার (৭৩১)।
এদিকে, ভারতের বিরুদ্ধে শেষ চারের ম্যাচে খেলার ব্যাপারে আশাবাদী অজি ক্যাপ্টেন অ্যালিসা হিলি। পায়ের চোটের জন্য লিগে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি খেলেননি। পরিবর্তে নেতৃত্ব দেন তাহিলা ম্যাকগ্রা। কিন্তু মঙ্গলবার ফিটনেস টেস্ট পাশ করেছেন অ্যালিসা। উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও স্বচ্ছন্দ দেখায় তাঁকে। চলতি বিশ্বকাপে ভারত ও বাংলাদেশের বিরুদ্ধে শতরান রয়েছে তাঁর। অ্যালিসা খেললে নিশ্চিতভাবে আরও শক্তিশালী হবে অস্ট্রেলিয়া।
এদিকে, বুধবার গুয়াহাটিতে প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। লিগে এই মাঠেই প্রোটিয়াদের দশ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড।