


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিরিজের নির্ণায়ক ম্যাচে ভারতের প্রথম একাদশে হল চার চারটি পরিবর্তন। প্রত্যাশা জাগিয়েও মাঠে নামা হল না কুলদীপ যাদবের। অভিষেকের অপেক্ষা দীর্ঘায়িত হল অর্শদীপ সিংয়ের। ৯৬১দিন ধরে অপেক্ষায় অভিমন্যু ঈশ্বরণও। ভারতের দল নির্বাচন নিয়ে মোটেও খুশি নন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি জানিয়েছেন, ‘টেস্ট দলে মুকেশের মতো বোলারকে না দেখে অবাক হয়েছি। লাল বলে ঘরোয়া ক্রিকেটে ওর দুর্দান্ত সাফল্য। তাছাড়া ইংল্যান্ডের কন্ডিশনে মুকেশ ভালো পারফরম্যান্স মেলে ধরতে পারত।’ ওভালে কুলদীপের না খেলানো প্রসঙ্গে মহারাজ বলেন, ‘ ইংল্যান্ড চার পেসার খেলাচ্ছে। কোনও স্পেশালিস্ট স্পিনার নেই। হয়তো ওভালের পিচ ও কন্ডিশন দেখে কুলদীপকে রাখা হয়নি প্রথম একাদশে। তবে আমার মনে হয়েছে, কুলদীপকে ম্যাঞ্চেস্টার, লর্ডস এবং বার্মিংহামে খেলানো উচিত ছিল। স্পেশালিস্ট স্পিনার ছাড়া পঞ্চম দিনে বিপক্ষকে অল-আউট করা কঠিন। এই তিনটি ম্যাচেই শেষ দিনে উইকেটে ফাটল দেখা গিয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে পারত কুলদীপ। টেস্ট ক্রিকেটে স্পেশালিস্ট স্পিনারের গুরুত্ব আগেও ছিল, আগামীতেও থাকবে। শেন ওয়ার্ন, মুত্তাইয়া মুরলীধরন, অনিল কুম্বলে, গ্রেম সোয়ান, মন্টি পানেসর, হরভজন সিং, অশ্বিনের মতোই কুলদীপকে স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলানোর কথা ভাবা উচিত টিম ইন্ডিয়ার।’
ভারতের ব্যাটিং নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত সৌরভ। তিনি বলেছেন, ‘প্রত্যেকেই কম বেশি রান করছে। ম্যাঞ্চেস্টারে প্রায় চারশো রান করে ম্যাচ বাঁচিয়েছে জাদেজা, সুন্দর। ওদের লড়াই দেখার পর বার বার মনে হয়েছে, লর্ডসে জেতা উচিত ছিল আমাদেরই। সত্যি বলতে কী, বিদেশের মাটিতে ভারতের এমন দাপুটে ব্যাটিং বহু বছর পর দেখছি। শুভমান গিল অসাধারণ। নেতৃত্বের চাপ নিয়ে সেরাটা মেলে ধরতে সফল। আমরা যদি ওভালে ভালো বল করতে পারি, তাহলে জিতব।’