


জোহর বাহরু (মালয়েশিয়া): ক্রিকেট মাঠে পাকিস্তানকে অপারেশন সিন্দুর দেখিয়েছিলেন হার্দিক, সূর্যকুমাররা। পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দনও করেননি তাঁরা। কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদেই এই পদক্ষেপ। মহিলা ক্রিকেটও ব্যতিক্রম নয়। কলম্বোয় হরমনপ্রীতরা হ্যান্ডশেকের ধারেকাছেও হাঁটেননি। এরপর যাবতীয় নজর ছিল হকির দিকে। মঙ্গলবার মালয়েশিয়ায় সুলতান জোহর হকিতে মুখোমুখি হয়েছিল যুযুধান দুই দেশ। হাড্ডাহাড্ডি ম্যাচের ফল ৩-৩। তবে ম্যাচের পর সৌজন্য দেখিয়ে করমর্দন সারেন খেলোয়াড়রা। আগুনে পরিস্থিতিতে যা ব্যতিক্রম হিসাবেই চিহ্নিত হয়ে রইল।
সুলতান জোহর কাপে তিনবারের বিজয়ী ভারত। দলের কোচ কিংবদন্তি প্রাক্তন গোলরক্ষক শ্রীজেশ। মূলত যুব দলকে নিয়েই এখানে খেলছে ভারত। সাম্প্রতিককালে ক্রিকেট কিংবা সিনিয়র হকিতে পর্যুদস্ত হলেও এদিন ২ গোলে এগিয়ে যায় পাকিস্তান। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ভারত। বরং পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান কমান অরাজিৎ সিং। কিছুক্ষণের মধ্যেই ২-২ করেন সৌরভ আনন্দ। এরপর প্রচণ্ড চাপ বাড়ায় ভারত। দলকে ৩-২ গোলে এগিয়ে দিয়েছিলেন মনমীত। তবে শেষরক্ষা হয়নি। অন্তিম সময়ে গোল করে ম্যাচ বাঁচায় পাকিস্তান।