


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার দেশের সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনের ডাক দিলেন সত্যজিত্ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) পড়ুয়ারা। একের পর এক ক্যাম্পাসে বিজেপি-আরএসএসের আক্রমণের বিরুদ্ধে এই প্রতিবাদের ডাক দিয়েছেন তাঁরা।
এসআরএফটিআইর পড়ুয়াদের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে এসএফআই, ডিএসওর মতো বাম ছাত্রসংগঠনগুলি। সেই সঙ্গে এসআরএফটিআইর পড়ুয়াদের আন্দোলনকে সংহতি জানিয়ে সরব হয়েছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ। তিনি বলেছেন, ‘ছলচাতুরি করে বাংলায় ক্ষমতায় আসার পর বিজেপির নীতিতে বিশ্বাস করে না, এমন লোকজনের উপর বদলা নেওয়া শুরু করেছে। পড়ুয়া, হবু ফিল্মমেকারদেরও ছাড়ছে না।’ সত্যজিৎ রায়ের নামাঙ্কিত এই চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের বক্তব্য, তাঁদের ক্যাম্পাসে আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জামিয়া মিলিয়া, আইআইটি বম্বে, আম্বেদকর বিশ্ববিদ্যালয়, জেএনইউ, হায়দরাবাদ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়েও একই ঘটনা ঘটেছে। উপাচার্যের ইস্তফা, ৬ বহিষ্কৃত পড়ুয়াকে ফিরিয়ে আনাসহ ছাত্র সংসদ নির্বাচন, জাতীয় শিক্ষানীতি বাতিলের মতো ইস্যুতেও সরব হয়েছেন তাঁরা। পড়ুয়ারা জানাচ্ছেন, এসআরএফটিআইতে উপাচার্যের ইস্তফার দাবিতে আন্দোলন ২৭ দিনে পড়েছে। হস্টেল, ক্যান্টিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার ক্যাম্পাসের অন্দরে ওয়াইফাই পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পড়ুয়াদের। তাঁরা জানিয়েছেন, ক্লাসরুমে ইন্টারনেট সংযোগ থাকলেও এদিন সন্ধ্যা থেকে সেখানকার বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সমস্ত ধরনের মানবাধিকার লঙ্ঘন করছে বলেও ক্ষোভপ্রকাশ করেন পড়ুয়ারা। ক্যাম্পাসে বিক্ষোভের কর্মসূচি সমর্থন করেছে এসএফআই, ডিএসও। এসএফআইর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘রাজ্যের বিভিন্ন ক্যাম্পাসে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।’ ডিএসওর রাজ্য সভাপতি মণিশঙ্কর পট্টনায়ক ও সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ‘এসআরএফটিআইয়ের পড়ুয়াদের পাশে আমরা সর্বদা আছি। রাজ্যের ছাত্রজনতা ও দেশের সমস্ত গণতান্ত্রিক ও চিন্তাশীল মানুষকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আবেদন জানাচ্ছি।’
অন্যদিকে, বুধবার এসএফআই কলকাতা জেলা কমিটি চোরবাগানের ঘটনা ও বামেদের বুক স্টলে আক্রমণের প্রতিবাদে ‘লালবাজার চলো’র ডাক দিয়েছে। চোরবাগানের ঘটনার দায় নিয়ে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিও তুলেছে তারা। বুক স্টলে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে কলেজ স্কোয়ার থেকে বই হাতে নিয়ে মিছিলের ডাক দিয়েছেন বইপ্রেমী ও বিশিষ্টরা।