


পুরী, ১৬ জুলাই: রথযাত্রার অনুষ্ঠানে বিপত্তি। পদপিষ্ট হয়ে জখম ১২০ জন। একজনের মৃত্যু। আজ, বৃহস্পতিবার পুরীর গ্রান্ড রোডে জগন্নাথদেবের রথযাত্রার সময় বিপুল ভক্ত সমাগম হয়। লক্ষ লক্ষ মানুষ সেখানে আসেন। এরপর দুপুর ২টো নাগাদ মারিচোকোট চকের কাছে আচমকাই পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ভিড়ের চাপে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। জ্ঞান হারান বেশ কয়েকজন। এরপর হুড়োহুড়ি শুরু হলে জখম হন ১২০ জন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। যায় অ্যাম্বুলেন্সও। পুলিশ ভক্তদের সরিয়ে ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করে। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে পুরীর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়েও দেওয়া হয়। বাকিদের অবশ্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে হাসপাতালে ভর্তি করার পর একজনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।
যদিও পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত ভাবে কিছু জানানো হয়নি। হতাহতদের কারও নাম-পরিচয়ও জানা সম্ভব হয়নি। তবে এই ঘটনার পরই দুর্ঘটনা রুখতে ভিড় নিয়ন্ত্রণে আরও জোরদার ব্যবস্থা নিয়েছে স্থানীয় পুলিশ-প্রশাসন। লাগাতার মাইকিং করা হচ্ছে। এর পাশাপাশি ভক্তদের নির্দিষ্ট পথ ব্যবহার করে জগন্নাথ দেব দর্শন করতে এবং মোতায়েন থাকা নিরাপত্তাকর্মীদের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে রথযাত্রার সময় শ্রী গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। সেইবার জখম হয়েছিলেন প্রায় ৫০ জন ভক্ত।