


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অঙ্গকৃশ রঘুবংশীর আউট নিয়ে তোলপাড় ক্রিকেট মহলে। এমনকী একানা স্টেডিয়ামে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ ছাপিয়েও চর্চার কেন্দ্র আম্পায়ারের সিদ্ধান্ত। ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ নিয়মে অঙ্গকৃশকে আউট দেন থার্ড আম্পায়ার। মাঠেই আম্পায়ারের সঙ্গে একপ্রস্থ তর্ক জড়িয়ে পড়েন কেকেআর ব্যাটার। ড্রেসিং-রুমে ফেরার পর ছুড়ে দেন গ্লাভস। আছড়ে ফেলেন ব্যাট। থার্ড আম্পায়ার রোহন পণ্ডিতের ভূমিকায় নাইট ম্যানেজমেন্টও প্রচন্ড ক্ষুব্ধ। উত্তেজিত হয়ে তর্ক করতে দেখা যায় কোচ অভিষেক নায়ারকেও।
কেকেআর ইনিংসের পঞ্চম ওভারে আউট হন অঙ্গকৃশ। রান নিতে ছুটেছিলেন। কিন্তু তাঁকে ফেরত পাঠান নন-স্ট্রাইকার ক্যামেরন গ্রিন। বিপদ বুঝে ক্রিজে ফেরার জন্য ডাইভ দেন অঙ্গকৃশ। কিন্তু মহম্মদ সামির থ্রো তাঁর শরীরে প্রতিহত হয়। এরপরেই লখনউ ক্রিকেটাররা আউটের আবেদন জানান। অভিযোগ, রান আউট থেকে বাঁচতে ইচ্ছা করে বলের সামনে এসেছেন অঙ্গকৃশ। যা ক্রিকেটীয় আইন বিরুদ্ধ। অন ফিল্ড আম্পায়ার বল পাঠান তৃতীয় আম্পায়ারের কোর্টে। রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত নেন রোহন। এরপরেই শুরু বিতর্ক। অনেকেরই মনে হয়েছে, অঙ্গকৃশ মোটেও ইচ্ছাকৃতভাবে বল থামাননি। আইপিএলের ইতিহাসে এর আগে ইউসুফ পাঠান, অমিত মিশ্র ও রবীন্দ্র জাদেজা এই নিয়মে আউট হন। তবে অঙ্গকৃশের আউট প্রশ্ন তুলে দিল আইপিএলে আম্পায়রিংয়ের মান নিয়ে।