


নয়াদিল্লি: গোপনে পাকিস্তানি নাগরিককে বিয়ে করায় জওয়ান মুনির আহমেদকে শনিবার সাসপেন্ড করেছে সিআরপিএফ। এবার সেই অভিযোগ অস্বীকার করেছেন মুনির। তাঁর দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে ছাড়পত্র নিয়েই তিনি বিয়ে করেছেন পাকিস্তানি নাগরিককে। এই সাসপেনশনের বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘সংবাদ মাধ্যমের খবর থেকেই প্রথম জানলাম আমাকে সাসপেন্ড করা হয়েছে। এরপর সিআরপিএফ থেকে আমাকে সাসপেন্ড করার বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়। পাকিস্তানি নাগরিককে বিয়ে করার জন্য আমি সিআরপিএফের সদর দপ্তরে আবেদন করেছিলাম। সেই অনুমতি পাওয়ার পরেই বিয়ে করি।’ মুনিরের বিরুদ্ধে আরও অভিযোগ ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও স্ত্রীকে ভারতে থাকতে সহায়তা করেছেন।
আদতে জম্মুর ঘারোটার বাসিন্দা মুনির ২০১৭ সালের এপ্রিলে সিআরপিএফে যোগ দেন। পাকিস্তান পাঞ্জাব প্রদেশের বাসিন্দা মিনাল খানের সঙ্গে অনলাইনে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। মুনির জানিয়েছেন, ২০২২ সালের ৩১ ডিসেম্বর মুনালকে বিয়ের ইচ্ছার কথা জানিয়েছিলেন সিআরপিফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। পরিবার ও স্থানীয় সরপঞ্চের সায়, ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের এক সদস্যের অনুমতি ও নিজের ইচ্ছার কথা হলফনামা আকারে জমা দিয়েছিলেন সিআরপিএফ হেড কোয়র্টারে। তাঁর কথায়, ‘২০২৪ সালের ৩০ এপ্রিল সদর দপ্তর থেকে আমি বিয়ের ছাড়পত্র পাই।’ এরপর গত বছর ২৪ মে ভিডিও কলের মাধ্যমে তাঁরা বিয়ে সারেন। গত ২৮ ফ্রেব্রুয়ারি শর্ট টার্ম ভিসা নিয়ে সীমান্ত দিয়ে মিনাল ভারতে প্রবেশ করেন। ২২ মার্চ তাঁর ভিসার মেয়াদ শেষ হয়েছে।