


দুবাই: এশিয়া কাপের কাউন্টডাউন চলছে। মঙ্গলবার শুরু প্রতিযোগিতা। বুধবার নামবে গতবারের চ্যাম্পিয়ন ভারত। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। তার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন সূর্যকুমার যাদবরা। শুক্রবার আইসিসি অ্যাকাডেমিতে পুরোদমে প্র্যাকটিস হয়েছে। খেতাব রক্ষার লড়াইয়ে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছে টিম ইন্ডিয়াকে।
বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে অধিনায়ক সূর্য বলেছেন, ‘আমাদের দলে দুর্দান্ত সব ক্রিকেটার রয়েছে। অবিশ্বাস্য স্কিলের অধিকারী ছেলেরা। ওদের দেখলে মনে জোর আসে, মুখে হাসি ফোটে। সেরাটা উজাড় করে দেয় প্রতি মুহূর্তে। আমি এটাই চাই।’ ক্যাপ্টেন সূর্যর কাছেও এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ। স্পোর্টস হার্নিয়ার জন্য অস্ত্রোপচার হয়েছিল তাঁর। প্রত্যাবর্তনে নজর কেড়ে পরের বছর টি-২০ বিশ্বকাপের জন্য মনোবল বাড়িয়ে নিতে চাইবেন তিনি। এশিয়া কাপে ভারতের সহ-অধিনায়ক শুভমান গিল। ক্যাপ্টেন সূর্যর সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেছেন, ‘খুবই রোমাঞ্চিত আমরা। আগ্রাসী মেজাজে টি-২০ ক্রিকেট খেলছে দল। তার একজন সদস্য হতে পেরে দারুণ লাগছে।’ কিছুদিন আগে ভাইরাল জ্বরে ভুগেছেন গিল। তবে এখন সম্পূর্ণ সুস্থ। ফিটনেস ড্রিল ও নেট সেশনে তা ধরাও পড়ল।
এই প্রতিযোগিতায় ক্রিকেট মহলের নজর থাকবে যশপ্রীত বুমরাহর দিকে। বিলেতে পাঁচ টেস্টের মধ্যে তিনটিতে খেলেছিলেন তিনি। এশিয়া কাপেও তাঁকে সব ম্যাচ খেলানো হবে না। গত বছর ব্রিজটাউনে টি-২০ বিশ্বকাপের পর এই ঘরানায় দেশের প্রতিনিধিত্ব করেননি বুমবুম। তাঁর কথায়, ‘দীর্ঘ বিরতির পর আবার টি-২০ স্কোয়াডে যোগ দিয়েছি। গত তিন মাসের বিশ্রাম খুব কাজে এসেছে। আমাদের দল তারুণ্যে ভরপুর। সবাই মাঠে নামতে উন্মুখ।’ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আবার নতুন হেয়ারস্টাইলে নজর কেড়েছেন। তিনি বলেছেন,‘ট্রেনিং শুরু করেছি বেশ কিছুদিন আগে। প্রতিযোগিতায় সেরাটা মেলে ধরতে তৈরি।’