


জেনেভা: আমেরিকা ও ইজরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের নাতানজ পরমাণবিক কেন্দ্র। সোমবার জেনেভায় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) বৈঠকে এমনই দাবি ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফির। বৈঠকের অবকাশে নাজাফি সাংবাদিকদের বলেছেন, ‘ফের ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পরমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে।’
মধ্য ইরানের নাতানজ সেদেশের অন্যতম প্রধান পরমাণু কেন্দ্র। এই কেন্দ্রের একটা বড় অংশ ক্ষেপনাস্ত্র হামলা থেকে সুরক্ষার জন্য রয়েছে মাটির গভীরে।
নাতানজে হামলা হলে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা করেছেন আইএইএ রাফায়েল মারিয়ানো গ্রাসি। এদিনের বৈঠকে তিনি বলেছেন, ‘পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ঘটনাস্থল থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তেমনটা হলে আশপাশের একটা বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের অন্যত্র সরাতে হবে।’
এরইমধ্যে ইজরায়েল ও আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ‘ঘরবাড়ি বা কারখানা ধ্বংস করে আমাদের বিপদে ফেলা যাবে না। আমরাও আরও মজবুত করে গড়ে তুলব।’ পাশাপাশি পেজেশকিয়ান দাবি করেছেন, তাঁদের কাছে কোনও পরমাণু হাতিয়ার নেই। সাধারণ মানুষের সমস্যা সমাধান করবার জন্যই ইরানের এই শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি।
গত বছর জুনে মার্কিন ও ইজরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল নাতানজ়। একইসঙ্গে ওই সময় ইরানের আরও দুটি পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়।