


নয়াদিল্লি, ৬ নভেম্বর: ধনতেরসের ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির গফফর মার্কেটে। এদিন করোলবাগের চেন ওয়ালি গলিতে একটি চারতলা বাণিজ্যিক ভবনে আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০ থেকে ২৫টি ইঞ্জিন। পাশাপাশি মোতায়েন করা হয় তিনটি অ্যাম্বুলেন্স ও দুটি পুলিশ পিসিআর ভ্যান। এখনও পর্যন্ত কোনোরকম হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, রাত প্রায় ১টা ২৮ মিনিট নাগাদ করোলবাগ থানায় আগুন লাগার খবর পৌঁছয় পুলিশে। এরপর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে পুরী প্লাজার ১৩/২১ নম্বর দোকানে আগুনটি লেগেছে। ওই ভবনে মোবাইলের বিভিন্ন সরঞ্জাম ও অ্যাকসেসরিজের ব্যাবসা চলে। প্রাথমিক তদন্তের পর অনুমান করা গিয়েছে, ভবনের একতলার একটি দোকানে প্রথম আগুনটি লাগে। সেইখানে প্রচুর মোবাইলের ব্যাটারি মজুত ছিল। সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে চারতলা ভবনে। পুলিশের প্রাথমিক সন্দেহ ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা অতিরিক্ত চার্জের কারণে আগুন লাগতে পারে। এরপর দমকলের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার তদন্তে ফরেনসিক দল নমুনা পরীক্ষা করবে। সেইসঙ্গে দমকল বিভাগ ও ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের কাছ থেকেও রিপোর্ট চাওয়া হবে।
পাশাপাশি ভবনের কাঠামোগত নিরাপত্তা যাচাই করতে দিল্লি পুরনিগমের কাছ থেকে রিপোর্ট নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী দল।