


উত্তরপ্রদেশ, ৬ নভেম্বর: ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে ধর্মীয় প্রচারক ধীরেন্দ্র শাস্ত্রী অর্থাৎ বাগেশ্বর বাবা। তাঁর বিরুদ্ধে আগ্রার আদালতে ফৌজদারি মানহানির অভিযোগ দায়ের করেছেন আইনজীবী অজয় প্রতাপ সিং। অভিযোগ, ধর্মীয় অনুষ্ঠানে শ্রীকৃষ্ণ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে তাঁর বংশধরদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেন বাগেশ্বর বাবা।
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের শিবপুরীর কারেরা এলাকায় রামকথা অনুষ্ঠানে ভগবান রাম ও শ্রীকৃষ্ণের শারীরিক ভঙ্গির তুলনা করতে গিয়ে ধীরেন্দ্র শাস্ত্রী বলেন, কৃষ্ণভক্তদের খারাপ লাগতে পারে তবে কৃষ্ণ অত্যন্ত বাঁকা। দাঁড়ানোর সময়ও তাঁর শরীর তিন জায়গায় বাঁকানো থাকে। আর ঠিক এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক।
অভিযোগকারী অজয় প্রতাপ সিংয়ের দাবি, দ্বাপর যুগে মানব রূপে জন্ম নেওয়া শ্রীকৃষ্ণের বংশধররা এখনও ভারতে রয়েছেন। তাঁদের মধ্যে জাদুন, জাদেজা ও ভাটি সম্প্রদায়ের উল্লেখও করেছেন তিনি। নিজের মাতৃকুলের দিক থেকেও শ্রীকৃষ্ণের বংশধর বলে দাবি করেছেন ওই আইনজীবী। গতকাল সিভিল জজ কাঞ্চন কুমারের এজলাসে মামলাটির প্রাথমিক শুনানি হয়। আদালত মামলা নথিভুক্ত করে আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।