


সংবাদদাতা, সিউড়ি: ভোটের আগে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান নিয়ে গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন খোদ বিধায়ক। মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগের কথা শুনছেন সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরি। ভোটের আগে শাসকদলের বিরুদ্ধে নানা ইস্যুতে গ্রামের বাড়ি বাড়ি প্রচারে নেমে পড়েছে বিজেপিও। ঘাসফুল ও পদ্ম শিবির কোমর বেঁধে ময়দানে নেমে পড়ায় জমে উঠেছে ভোটপ্রচার।
সামনেই বিধানসভা ভোট। তাই বিভিন্ন দলের তরফে পথসভা, দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু হয়েছে। সেই দলই এগিয়ে থাকবে, যারা গ্রামাঞ্চলের একদম সাধারণ ভোটারের মন জয় করতে পারবে। সেই লক্ষ্যেই বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন সিউড়ির তৃণমূল বিধায়ক। ইতিমধ্যেই তিনি সিউড়ি-১ ব্লকের নগরী পঞ্চায়েতের একাধিক গ্রামে গিয়েছেন। বুধবার বিধায়ক আলুন্দ পঞ্চায়েতের একাধিক গ্রামে যান। সেখানে বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা মিলছে কি না, যুবসাথীর আবেদনে কোনো সমস্যা হচ্ছে কি না-তা জেনে নেন। সেইসঙ্গে তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। ভোটের আগে বিধায়কের এই পদক্ষেপ ডিভিডেন্ড দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তৃণমূলের পাশাপাশি বাড়ি বাড়ি প্রচারের কর্মসূচি হাতে নিয়েছে বিজেপিও। সম্প্রতি তারা রাজনগর ব্লকের বিভিন্ন গ্রামে গীতা বিলি করেছে। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল সরকারের অপশাসনের কথা তুলে ধরার পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে কী কী কাজ হবে-সেটাও মানুষকে বলছি।
তৃণমূল বিধায়ক বলেন, কিছুদিন আগে রাজ্য সরকারের নির্দেশমতো আমরা ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে মানুষের কাছে গিয়েছিলাম। এবার ফের মানুষের কোনো সমস্যা হচ্ছে কি না, তা জানতে বাড়ি বাড়ি যাচ্ছি। রাজ্য সরকারের নানা প্রকল্পের কথাও তুলে ধরছি। শুধু ভোটের সময় নয়, আমরা সবসময়ই মানুষের পাশে থাকি।