


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এইসময়ে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হলেও আগস্টের তৃতীয় সপ্তাহে রাজ্যের অধিকাংশ জেলায় দীর্ঘকালীন গড়ের তুলনায় বৃষ্টি হয়েছে অনেকটাই কম। গড়ের থেকে ২০ শতাংশ কম বৃষ্টি হলে তাকে ‘ঘাটতি’ বলে ধরা হয়। এটা ৬০ শতাংশ কম হলেই তা ‘খুব ঘাটতি’র শ্রেণিতে পড়ে। এই নিরিখে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলা এবং কলকাতায় আগস্টের ১৯ থেকে ২৬ তারিখ পর্যন্ত সময়ে বৃষ্টির খুব ঘাটতি হয়েছে। পূর্ব বর্ধমানে ৭৩ শতাংশ এবং কলকাতায় ৬৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে গড়ের তুলনায়। দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলায় শুধু স্বাভাবিক বৃষ্টি হয়েছে। যদিও তা গড়ের তুলনায় কম। কিন্তু কমের মাত্রা ১৯ শতাংশের মধ্যে থাকায় তা ‘স্বাভাবিক’ হিসাবে ধরা হচ্ছে। উত্তরবঙ্গে মালদহ জেলায় শুধু স্বাভাবিক বৃষ্টি হয়েছে। খুব ঘাটতি আছে দুই দিনাজপুর এবং কালিম্পং জেলায়। রাজ্যে সামগ্রিকভাবে এইসময়ে গড়ের তুলনায় ৪৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, কয়েকদিন আগে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটির প্রভাব রাজ্যের বেশিরভাগ এলাকায় পড়েনি। পশ্চিমাঞ্চল ছুঁয়ে তা দ্রুত ঝাড়খণ্ডের দিকে সরে যায়। এর ফলে কিছুটা বেশি বৃষ্টি হয়েছে পশ্চিমাঞ্চলের দিকে। ওই নিম্নচাপটি এখন দক্ষিণ উত্তরপ্রদেশ এবং লাগোয়া মধ্যপ্রদেশের উপর আছে। এর জন্য প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেখানে। উপকূল এলাকার উপর মৌসুমি অক্ষরেখা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটা কমে গিয়েছে। উপকূল এলাকায় বৃষ্টি হচ্ছে কিছুটা বেশি। এমাসের শেষদিকে উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ২৯ আগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। কয়েকটি জেলায় ওইসময় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের গোড়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এই নিম্নচাপটির গতিপ্রকৃতির উপর নির্ভর করছে।