


রূপাঞ্জনা দত্ত, লন্ডন: নয়াদিল্লির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে তৎপর লন্ডন। আপাতত দু’দেশের তরফেই আলোচনা ইতিবাচক বলে খবর। এই আবহে শুক্রবার দ্বিপাক্ষিক সাংস্কৃতিক চুক্তি সাক্ষর করল ব্রিটেন ও ভারত। তথ্যাভিজ্ঞ মহলের মতে, এই চুক্তির ফলে ব্রিটিশ শিল্পকলা, সংস্কৃতি, সৃজনশীল শিল্প, পর্যটন ও ক্রীড়াক্ষেত্র বিশেষভাবে উপকৃত হবে। দু’দেশের সৃজনশীল বাণিজ্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির কাছে উন্নয়নের নতুন দরজা খুলে যাবে। এই চুক্তি সম্পাদন ও একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে বৃহস্পতিবারই ভারতে পৌঁছেছেন ব্রিটেনের সংস্কৃতিমন্ত্রী লিজা নন্দী। তাঁর সঙ্গে রয়েছেন ভিজিট ব্রিটেন, ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ও সায়েন্স মিউজিয়ামের প্রতিনিধিরা। শুক্রবার নয়া দ্বিপাক্ষিক সাংস্কৃতিক মেলবন্ধন চুক্তিতে সাক্ষর করেছেন ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী লিজা নন্দী ও ভারতের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
উল্লেখ্য, ব্রিটেনের বর্তমান সরকারে লিজাই একমাত্র মন্ত্রী, যাঁর কলকাতার সঙ্গে যোগসূত্র রয়েছে। মন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারত সফরে এলেন তিনি। বৃহস্পতিবার মুম্বইতে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস)-এ যোগ দিয়েছিলেন লিজা। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্রিটিশ মন্ত্রী বলেন, ‘শিল্প ও সৃজনশীল ক্ষেত্রে ব্রিটেন-ভারত বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। নয়া এই চুক্তির ফলে আমাদের শিল্পী, প্রতিষ্ঠান ও শিল্পপতিদের কাছে নতুন সুযোগ, সহযোগিতা, উদ্ভবন, আর্থিক বৃদ্ধির নতুন পথ খুলে যাবে।’ এরপরেই নিজের বাংলা-বাঙালি যোগের প্রসঙ্গ টেনে আনেন লিজা। বলেন, ভারতীয় ঐতিহ্য নিয়ে আমি গর্বিত। ছোটবেলা থেকে মিশ্র সম্প্রদায়ের মধ্যে বড় হয়ে উঠেছি। দেখেছি কীভাবে ব্রিটেনের খাদ্য, ফ্যাশন, সিনেমা, মিউজিক, খেলা, সাহিত্যকে সমৃদ্ধ করেছেন ভারতীয় সম্প্রদায়ের মানুষেরা। এদেশের সঙ্গে আমার গভীর সাংস্কৃতিক যোগ রয়েছে। তাই ভারতের সঙ্গে নয়া এই চুক্তি সাক্ষর করে আমি গর্ব অনুভব করছি।’ ওদিনই যশরাজ ফিল্ম স্টুডিও পরিদর্শন করেছিলেন মন্ত্রী।
শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে ব্রিটিশ কাউন্সিলে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ব্রিটেনের সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়ামন্ত্রী। ভারতীয় চিত্রকলা তুলে ধরতে মে মাসে বার্মিংহামে ছোট পরিসরে একটি আর্ট ফেস্টিভাল হতে চলেছে। এটিই আগামী বছর লন্ডনে তা বড় আকারে হবে। তারই প্রস্তুতির কিছু অংশ লিজার সামনে এদিন পরিবেশিত হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন ভিজিট ব্রিটেনের সিইও প্যাট্রিসিয়া ইয়েটেস। তিনি ভারতে স্টারিং গ্রেট ব্রিটেন প্রচারাভিযানের সূচনা করেন। এতে ফিল্ম ও টিভির শুটিংয়ের জন্য ব্রিটেনের বিভিন্ন লোকশন তুলে ধরনে প্যাট্রিসিয়া। দিল্লির ওকলাকে ব্রিটিশ যোগসূত্র থাকা ভারতীয় ফ্যাশন ডিজাইনারদের সঙ্গেও সাক্ষাৎ করে লিজার নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দল। তারা বিভিন্ন বুটিক ও ওয়ার্কশপ ঘুরে দেখেন। এছাড়া, শারদ পাওয়ার স্পোর্টস ক্লাবের মহিলা ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন ব্রিটিশ মন্ত্রী। উল্লেখ্য, প্রাথমিক স্কুল স্তরে শরীর ও ক্রীড়া শিক্ষার উন্নয়নে প্রিমিয়ার লিগ ও ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে ভারতে প্রিমিয়ার লিগ প্রাইমারি স্টার কর্মসূচি শুরু করেছে। আজ, শনিবার সেখানকার কোচেদের সঙ্গে দেখা করবেন লিজা। এছাড়া, ভারত সরকারের একাধিক মন্ত্রী, বিনিয়োগকারী ও শিল্পপতিদের সঙ্গেও তাঁর দেখা করার কথা রয়েছে।