


নয়াদিল্লি: বিশ্বের সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঠাঁই পেল ভারতের মাত্র ৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে সেরা র্যাঙ্কিং আইআইটি দিল্লির। তালিকায় তাদের স্থান ১১৮ নম্বরে। আগের ক্রমতালিকায় ২৩তম স্থানে ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এছাড়া ১৭০ নম্বরে রয়েছে আইআইটি মাদ্রাজ। গতবার তাদের র্যাঙ্কিং ছিল ১৮০। অন্যদিকে ১২৯ থেকে ১৩৪ নম্বরে নেমে গিয়েছে আইআইটি বম্বে। দেশের মোট ৫১টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের। সম্প্রতি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭ প্রকাশ করেছে কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস)। আন্তর্জাতিক এই তালিকায় শীর্ষস্থান দখল করেছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকলনজি (এমআইটি)। এরপরেই রয়েছে ইম্পিরিয়াল কলেজ লন্ডন ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। মূল তালিকায় ঠাঁই হয়েছে ১৩টি আইআইটি সহ দেশের মোট ৫১টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের। দিল্লি আইআইটির র্যাঙ্কিং সেলের ডিন (প্ল্যানিং) অধ্যাপক সোমনাথ বৈদ্য রায় বলেছেন, ‘উন্নত পাঠ্যক্রম, পরিকাঠামোর পাশাপাশি বিশ্বের সেরা সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে কাজ করে চলেছি। আন্তর্জাতিক স্তরে এই স্বীকৃতি তারই ফসল।’
আইআইটির পাশাপাশি র্যাঙ্কিংয়ে জায়গা বদল হয়েছে দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের। গতবারের তালিকায় ৬৭৬ নম্বরে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার তাদের র্যাঙ্কিং ৭২৪। অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় ৭৭১-৭৮০ থেকে ৯৪৩ নম্বরে নেমে গিয়েছে। তবে ভিআইটি ভেলোর ৬৯১ থেকে ৫৯৯ নম্বরে উঠে এসেছে। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আইআইটি হায়দরাবাদ, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের। বিশ্বের সেরা ২৫০টি প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইটি মাদ্রাজ, আইআইটি খড়্গপুর ও আইআইএসসি বেঙ্গালুরু। দেশের সেরা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চতুর্থস্থানে রয়েছে আইআইটি খড়্গপুর।