


নয়াদিল্লি: সংসদে দেখা যায় না। দলের কাজেও অনুপস্থিত। সবসময় ছুটির মুডে থাকেন। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সম্পর্কে এমন অভিযোগ আগেও করেছে বিজেপি। এবার দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা রাহুলকে ‘পর্যটনের নেতা’ বলে কটাক্ষ করলেন। তাঁর কথায়, ‘রাহুলের ক্ষেত্রে এলওপি মানে লিডার অব অপোজিশন নয়, বরং লিডার অব পর্যটন।’ সদ্য ফের বিদেশ সফরে গিয়েছেন রাহুল। সেই প্রসঙ্গ টেনে পুনাওয়ালার জানান, রাহুল গান্ধী কখনও জনগণ, সংসদ বা দেশকে অগ্রাধিকার দেন না। তাঁর কাছে পর্যটনই সবার আগে। স্বয়ং নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী মিলিয়ে ৯,০০০ দিনেরও বেশি সময় কাটিয়ে দিলেন, অথচ একদিনও ছুটি নেননি। এটাই কাজের প্রতি নিষ্ঠাকে বোঝায়। কিন্তু রাহুল গান্ধী বিরোধী নেতা হয়েই থেকে যাবেন, কারণ তিনি বেশিরভাগ সময়ই ছুটি কাটান।
রাহুলের ঘন ঘন বিদেশ সফরের অর্থ কোথা থেকে আসছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। পুনাওয়ালার অভিযোগ, এই বিদেশ সফরের নেপথ্যে ‘সন্দেহজনক সংস্থা’ রয়েছে, যারা ভারত-বিরোধী এজেন্ডা তৈরি করে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে কংগ্রেস বা রাহুল গান্ধীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।