


সংবাদদাতা, বোলপুর: পর্যটকদের ক্রমবর্ধমান আগ্রহের কথা বিবেচনা করে শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণে হেরিটেজ ওয়াকের দিন আরও বাড়াল বিশ্বভারতী। এবার থেকে সপ্তাহে ছয় দিনই পর্যটকরা হেরিটেজ ওয়াকে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আজ, শুক্রবার জারি হওয়া বিশ্বভারতীর নতুন বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, হেরিটেজ ওয়াকে অংশগ্রহণকারীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। সেই কারণেই পর্যটকদের সুবিধার্থে সপ্তাহে ছয় দিন এই কর্মসূচি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন উদ্যোগে পর্যটকদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে।
নতুন সূচি অনুযায়ী, প্রতি সোমবার, মঙ্গলবার, শুক্রবার ও শনিবার বিকেল ৩টা ৩০ মিনিট এবং ৪টা ৩০ মিনিটে হেরিটেজ ওয়াক শুরু হবে। বুধবার সকাল ১১টা, বিকেল ৩টা ৩০ মিনিট ও ৪টা ৩০ মিনিটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। রবিবার সকাল ১০টা, ১১টা এবং বিকেল ৩টা ৩০ মিনিট, ৪টা ও ৪টা ৩০ মিনিটে হেরিটেজ ওয়াকের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের হেরিটেজ ওয়াকের টিকিট সংশ্লিষ্ট দিনেই রবীন্দ্রভবনের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে।