


ব্রতীন দাস, মালদহ: পুজোয় পেটপুজো। আর সেটা মাথায় রেখেই প্রস্তুত মালদহের রেস্তরাঁগুলি। বাঙালিয়ানা বনাম কন্টিনেন্টাল কিংবা ফিউশন। পুজোর মেনুতে একে অপরকে টেক্কা দিতে কোমর বাঁধছে তারা। কোথাও থাকছে কলকাতার গোলবাড়ি স্টাইলের কষা মাংস, কোথাও আবার রান্নায় পূর্ববঙ্গের স্বাদ এনে বাজিমাত করতে রাখা হচ্ছে রাজশাহী চিংড়ি কিংবা বরিশালী ইলিশ। যাঁরা একটু অন্যরকম খাবারদাবার পছন্দ করেন, তাঁদের জন্য বেশ কয়েকটি রেস্টুরেন্টে থাকছে কাসুন্দি মাস্টার্ড চিংড়ি, লেবানিজ চিকেনের মতো পদ। যাঁদের কন্টিনেন্টাল পছন্দ, তাঁদের জন্য থাকছে গ্রিলড ফিশ, গার্লিক চিকেন, স্টাফড গ্রিলড চিকেন, পনির চিজ গার্লিক ব্রেড। রেস্টুরেন্টের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এড়াতে চলছে আগাম টেবিল বুকিং। তবে বেশিরভাগ রেস্তরাঁ পুজোর দিনগুলিতে রাত আটটার পরের জন্য আর আগাম টেবিল বুকিং নিচ্ছে না। সেক্ষেত্রে যাঁরা আগে আসবেন, তাঁরা আগে টেবিল পাবেন বলে জানিয়ে দিচ্ছে রেস্তরাঁগুলি। ইংলিশবাজার শহরের একটি রেস্তরাঁর কর্তা সুদীপ্ত পোদ্দার বলেন, আমাদের রেস্টুরেন্টে এবার পুজোর স্পেশাল মেনু হিসাবে থাকছে কলকাতার গোলবাড়ি স্টাইলের কষা মাংস। তবে মালদহের ভোজন রসিকদের কথা মাথায় রেখে একটু কম রিচ করা হচ্ছে। ৪৬০ টাকা প্লেট। সঙ্গে থাকছে বরিশালী ইলিশ। প্লেট ৪৭০ টাকা। মালদহ শহরের আর এক রেস্তরাঁর কর্তা বাপন হালদারের দাবি, তাঁরাও পূর্ববঙ্গের রান্নার বিভিন্ন মেনু দিয়ে পুজোর ডিশ সাজাচ্ছেন। এক্ষেত্রে তাঁদের অন্যতম আকর্ষণ হিসাবে থাকছে রাজশাহী চিংড়ি। এক পিস আড়াইশো টাকা। এছাড়াও থাকছে গোলমরিচ ফ্লেভার চিকেন কালি মির্চ, নবাবি মাটন (৪ পিস ৪১০ টাকা), মাটন লাল মির্চ, রাজস্থানী ঘরানার লাইট স্যাফরন গ্রেভি (৪ পিস ৩৭০ টাকা)। যাঁরা পুজোয় রেস্তরাঁয় গিয়ে তৃপ্তি করে বাঙালি খাবার খেতে চান, তাঁদের জন্য রাখা হয়েছে বাবুবাড়ির মাংসের ঝোল। ভাত বা লুচির সঙ্গে এই মাংসের ঝোল লা-জবাব, বলছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। থাকছে উত্তর ভারতের প্রিপারেশন সাদা গ্রেভির চিকেন মাখনওয়ালা। সুগন্ধি মশলা সহযোগে রান্নাটি অনবদ্য, দাবি ভোজনরসিকদের। ৮ পিস ৩৪০ টাকা।
মালদহের কোনো কোনো রেস্টুরেন্ট মোগলাই ও চাইনিজ মেনুতেই জোর দিচ্ছে। কোনো রেস্টুরেন্টে থাকছে লাহোরি চিকেন মশালা। ভাত কিংবা রুটির সঙ্গে খাওয়া যাবে এই প্রিপারেশন। ইয়েলো বেসড গ্রেভি। হালকা মিষ্টি। প্লেট ৩৭০ টাকা প্লেট। ইংলিশবাজারের একটি রেস্তরাঁর কর্তা বাবুসোনা মণ্ডল বলেন, লাহোরী চিকেনের সঙ্গে আমাদের রেস্টুরেন্টে থাকছে হানি গেলেজ্ড লেমন চিকেন। স্বাদ ঝাল-মিষ্টি। থাকছে ঢাকাই পোড়া মাটন। কালচে গ্রেভি। স্বাদ মিষ্টি ঝাল। লুচি কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে।
মালদহ শহরের একটি রেস্তরাঁর কর্ণধার রিক্তা কর্মকার পাল বলেন, আমরা পুজোয় একটু অন্যরকম খাবার পরিবেশন করতে চাই। সেকারণে রাখা হয়েছে ডাব ইলিশ। প্লেট ৫৮০ টাকা। সঙ্গে থাকছে কচু-চিংড়ি। সেমি গ্রেভির এই প্রিপারেশন সাদা ভাতের সঙ্গে জমবে। থাকছে মাটন ডাকবাংলো। রাখা হয়েছে কাঁচাছোলা ধনেপাতা দিয়ে মুরগির মাংস। থাকছে ইলিশ পোলাও। শহরের অন্য একটি রেস্তরাঁয় পুজোর মেনুতে থাকছে বাঁশ পোড়া মাটন, ঠাকুরবাড়ির দুধ শুক্তো, গন্ধরাজ লেবু পাতা দিয়ে চিংড়ি মালাইকারি। চিতল মাছের দই কোপ্তা, পাবদা সর্ষের ঝোল। কোথাও আবার মিলছে ম্যারি মি প্রন ককটেল, ব্যাকন ৱ্যাপড প্রন কিংবা ভেটকি ফ্লোরেন্টাইন। নিজস্ব চিত্র