


সংবাদদাতা, বসিরহাট: হাসনাবাদ ব্লকের ঘুনি চকপালি এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত পাঁচ। শনিবার সকাল এগারোটা নাগাদ তৃণমূলের একটি গোষ্ঠী এলাকায় মিটিং করছিল। তখন শাসকদলের অপর গোষ্ঠী, ঘুনি চকপালি পঞ্চায়েতের সভাপতি সেলিম ওরফে পিন্টু মোল্লার নেতৃত্বে কয়েকজন তৃণমূল কর্মীই আক্রমণ চালান তাঁদের উপর। এই সংঘর্ষে আহত হন পাঁচজন। ঘটনার জেরে এলাকায় উত্তেজনায় দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী এবং একজনকে গ্রেপ্তার করে। আহতদের টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়। দুই গোষ্ঠীই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। বিষয়টি নিয়ে হাসনাবাদের তৃণমূলের ব্লক সভাপতি আনন্দ সরকার বলেন, এটি তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নয়। এলাকার বাসিন্দাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি নিয়েই ঘটনাটি ঘটেছে। তবে পরিস্থিতি এখন ঠিক আছে। আর হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল বলেন, এমন কোনো সংঘর্ষের ঘটনা আমার জানা নেই। তবে বিষয়টি শুনলাম। পুলিসকে নিরপেক্ষভাবে তদন্ত করতে বলব। দোষীদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।