


কাঠমাণ্ডু: প্রবল তুষারপাতের জেরে নেপালের সে-ফোকসুন্দো ন্যাশনাল পার্কে আটকে চার বাঙালি সহ ছ’জন ভারতীয়। তাঁদের মধ্যে দু’জন মহিলা। শনিবার দুপুর থেকে তাঁরা সেখানে আটকে বলে জানিয়েছে নেপাল সরকার। এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই পর্যটকদের পরিচয় জানিয়েছে দোলপা জেলা প্রশাসন। তাঁদের নাম মৌমিতা হালদার, পিয়ালি কোলে, জোজলা ত্রিবেদী কুমার, আদিত্য সিংহ, দীপলীনা বিশ্বাস ও রাজেশ দে। তাঁদের ফিরিয়ে আনতে উদ্ধারকাজ শুরু হয়েছে।
৩ হাজার ৬০০ মিটার উচ্চতায় সে-ফোকসুন্দো নেপালের গভীরতম (প্রায় ১৪৫ মিটার) হ্ব্রদ। প্রতি বছর এই হ্ব্রদের সৌন্দর্যের টানে বিপুল সংখ্যক পর্যটক এখানে আসেন। দোলপার মুখ্য জেলা আধিকারিক জুনু ধাকাল জানান, সে-ফোকসুন্দো গ্রামীণ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধো এলাকায় গিয়েছিলেন ওই ছ’জন পর্যটক। ভারী তুষারপাতের কারণে তাঁদের ওই এলাকায় যেতে বারণ করেছিলেন নিরাপত্তরক্ষীরা। নিষেধ করেছিলেন নেপালি গাইডও। কিন্তু তাঁরা কোনো বারণ শোনেননি। গাইড ছাড়াই তাঁরা লেকের উদ্দেশে রওনা হন। কিছুক্ষণ পরে তাঁদের সঙ্গে যোগাযোগ ঠিকমতো যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন গাইড। ভারী তুষারপাতের কারণে ছ’জন পর্যটক আটকে পড়তে পারেন বলে জেলা প্রশাসনকে জানান তিনি। রবিবার সকাল থেকে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।জুনু ধাকাল বলেন, ‘পর্যটকরা নিখোঁজ হয়ে গিয়েছেন, এমনটা বলা যায় না। কারণ, ওঁরা যে জায়গায় আটকে রয়েছেন, আমরা সেই জায়গাটি চিহ্নিত করেছি। উদ্ধারকারী দলের পাশাপাশি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার সেখানে যাচ্ছে। আশা করি তাঁদের দ্রুত ফিরিয়ে আনা যাবে।’ সে-ফোকসুন্দো হ্রদ।-ফাইল চিত্র