


ওয়াশিংটন, ১৪ এপ্রিল: পড়নে আলখাল্লা।দুই হাতে দিব্যজ্যোতি। তাকে ঘিরে নার্স, সেনা কর্মী ও সাধারণ মানুষ। পিছনে উড়ছে আমেরিকার পতাকা। শয্যাশায়ী এর রোগীকে আরোগ্য দান করছেন। ঠিক যেন যীশু খ্রিস্ট। এমনই এক এআই নির্মিত ছিবি গত সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে আপলোড করেছিলেন। এই ছবি জনসমক্ষে আসতেই শোরগোল পড়ে যায় বিশ্বজুড়ে। সবাই দাবি করে ট্রাম্প এবার নিজেকে যীশুর স্থানে বসাতে চাইছেন। এমনকী ধর্মীয় ভাবাবেগেও আঘাত হানার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। হরমুজ প্রণালী না খুললে ইরানের সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এই বক্তব্যের নিন্দায় সরব হয়েছিলেন পোপ চতুর্দশ লিও। পোপকে আমেরিকার পক্ষ নেওয়ার কথা জানিয়েছিল হোয়াইট হাউস। কিন্তু সেই আদেশকে অমান্য করে পোপ বলেন যিশু খ্রিস্ট যুদ্ধকে সমর্থন করেন না। এর পরেই পোপকে সরাসরি সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করেন ট্রাম্প। তিনি লেখেন, ‘পোপ চতুর্দশ লিও মোটেই ভালো কাজ করছেন না। উনি অপরাধ ভালোবাসেন। আমরা এমন একজন পোপকে পছন্দ করি না, যিনি ইরানের পারমাণবিক অস্ত্র রাখাকে সমর্থন করেন। আমি ওঁর ভক্ত নই। উনি একজন উদারপন্থী মানুষ। সেইসঙ্গে অপরাধও পছন্দ করেন।’ এখানেই থেমে থাকেনি এর পরেই বহুচর্চিত এআই ছবিটি তিনি পোস্ট করেন। যেইটি সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। পরে তিনি সেইটি ডিলিটও করে দেন।
প্রশ্ন ওঠে, ট্রাম্প কি নিজেকে যীশু খ্রিস্ট মনে করছেন? এর উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ আমিই এই ছবি পোস্ট করেছিলাম, কিন্তু সেখানে কোনও ভাবেই আমি নিজেকে যীশু হিসাবে দেখায়নি। ওখানে আমি নিজেকে ডাক্তার হিসাবে দেখিয়েছি। রেড ক্রসের একজন ডাক্তার। ছবিতে রেড ক্রসের একজন কর্মীও রয়েছেন’। আরও বলেন, ‘ওই ছবিতে আমি একজন ডাক্তার যে অসুস্থ এক মানুষকে সুস্থ করে তুলছে, আমি মানুষকে সুস্থ করে তুলি। খুব ভালো ভাবে সুস্থ করি’।