


ওয়াশিংটন, ৭ এপ্রিল: ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ আবহ কেটে গিয়েছে ৩৭ দিন। কিন্তু বারবার হুমকি, আক্রমণ চালিয়েও তেহরানের হাত থেকে হরমুজ প্রণালীকে উদ্ধার করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে এখনও নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। তারই মাঝে আবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে সহযোগিতা না করায় প্রশান্ত মহাসাগরীয় মিত্র দেশগুলির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ট্রাম্প। সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে সহযোগিতা করতে মিত্র দেশগুলি কোনো রূপ আগ্রহ দেখায়নি। বিশেষ করে হরমুজ প্রণালী পুনরায় চালু করার প্রশ্নে ন্যাটো দেশগুলোর অনীহা নিয়ে তিনি তীব্র সমালোচনা করেন।
সংবাদ সম্মেলনের শেষে তিনি প্রশান্ত মহাসাগরীয় মিত্র দেশগুলির নাম উল্লেখ করে বলেন, ‘আপনারা জানেন আর কে আমাদের সাহায্য করেনি? দক্ষিণ কোরিয়া আমাদের সাহায্য করেনি। আপনারা জানেন আর কে আমাদের সাহায্য করেনি? অস্ট্রেলিয়া আমাদের সাহায্য করেনি। আপনারা জানেন আর কে আমাদের সাহায্য করেনি? জাপান’। তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্র জাপানে প্রায় ৫০ হাজার এবং দক্ষিণ কোরিয়ায় প্রায় ৪৫ হাজার সেনা মোতায়েন করে রেখেছে। তবুও তাদের থেকে কোনও প্রকার সহযোগিতা পায়নি আমেরিকা। এই প্রসঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম-জং-উন এর সঙ্গে তাঁর ভালো সম্পর্কের কথাও উল্লেখ করেন ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।