


মস্কো ও টোকিও: গত সাত দশকের মধ্যে এমন জোরাল ভূমিকম্প দেখেনি রাশিয়া। আজ, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা নথিভুক্ত হয়েছে ৮.৮। যার জেরে উত্তাল হয়ে উঠেছে প্রশান্ত মহাসাগর। গোটা অঞ্চলজুড়ে ত্রাহি রব উঠেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করে সুনামি আঘাত হেনেছে জাপানে। দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডোর হানাসাকি বন্দরে প্রথম আঘাত হানে দানবীয় ঢেউ। রাশিয়া ও জাপান এছাড়া সুনামির সতর্কতা জারি হয়েছে দক্ষিণ মেক্সিকো, পূর্ব চীন, তাইওয়ান, ফিলিপিন্স ও আমেরিকায়। যদিও ভারতে সুনামির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
মার্কিন সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, এদিনের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার বা প্রায় ৮৫ মাইল পূর্বে, প্রশান্ত মহাসাগরের তলদেশে। প্রথমে মাত্রা ৮ বলা হলেও পরে তা সংশোধন করে ৮.৮ করা হয়। এরপর ৬.৯ মাত্রার একটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়। প্রবল কম্পনের জেরে রাশিয়ার দুর্গম এই অঞ্চলে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গিয়েছে।
রাশিয়ার উপকূলে এই শক্তিশালী ভূমিকম্পের পরে জাপানের আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করে। এর কিছুক্ষণ পরে বিশাল ঢেউ আছড়ে পড়ে হোক্কাইডোতে। এর উচ্চতা ছিল প্রায় ১ ফুট। জারি হয়েছে সুনামি সতর্কতা। তিন ঘণ্টার মধ্যে বিশাল ঢেউ আঘাত হানতে পারে বলে সুনামি সতর্কতা জারি করে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। রাশিয়া ও ইকুয়েডরের কিছু এলাকায় ৩ মিটারের বেশি উচ্চতার ঢেউ এবং জাপান, হাওয়াই, চিলি ও সলোমন দ্বীপপুঞ্জে ১ থেকে ৩ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরের অন্য অনেক উপকূলীয় এলাকাতেও ছোট ঢেউ পৌঁছাতে পারে, যার মধ্যে রয়েছে আমেরিকার পশ্চিম উপকূল। হাওয়াইয়ের কিছু উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। হোনুলুলুতেও জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা।