


আঙ্কারা: আজারবাইজান-জর্জিয়া সীমান্তের কাছে ভেঙে পড়ল তুরস্কের সামরিক কার্গো বিমান। এই দুর্ঘটনায় বিমানের ২০ জন যাত্রীরই মৃত্যু হয়েছে। বুধবার একথা জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী। জানা গিয়েছে, আজারবাইজানের গঞ্জা থেকে উড়েছিল সি-১৩০ বিমানটি। গন্তব্য ছিল তুরস্ক। কিন্তু উড়ান শুরুর কিছুক্ষণ পরেই বিমানের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজারবাইজান সীমান্ত লাগোয়া জর্জিয়ার সিঘনাঘি মিউনিসিপ্যালিটির কাছে কৃষিজমিতে সেনার কার্গো বিমানটি ভেঙে পড়ে।
যদিও দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে তুরস্কের তদন্তকারী টিম ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানের বেশ কিছু ছবি প্রকাশ করেছে বেসরকারি সংবাদমাধ্যম। তাতে দেখা যাচ্ছে, পাহাড় ঘেরা চাষের জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিমানের ধ্বংসাবশেষ।
গত ৮ নভেম্বর রাজধানী বাকুতে আইজারবাইজানের বিজয় দিবস উদযাপন করা হয়। তাতে যোগ দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। দুর্ঘটনাগ্রস্ত কার্গো বিমানটি ওই অনুষ্ঠানের জন্যই পাঠানো হয়েছিল কি না, তা এখনও পরিষ্কার নয়। তুরস্কের বিদেশমন্ত্রী ইয়াসের গুলের জানিয়েছেন, বিমান ভেঙে আমাদের সহযোদ্ধারা শহিদ হয়েছেন। মৃতদের সকলের ছবিও এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন তিনি। ২০ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিইয়েভ ও জর্জিয়া বিদেশমন্ত্রী মাকা বৎচোরিশিভিলি। শোক জানিয়েছেন তুরস্কে কর্মরত মার্কিন রাষ্ট্রদূত টম বারাকও।