


মস্কো: রাশিয়ায় বড়োসড়ো ড্রোন হামলা চালাল ইউক্রেন। শনিবার রাতে মস্কোর কাছে ৫০০টি ড্রোন আছড়ে পড়ে। রাতভর চলে হামলা। পালটা জবাব দেয় ক্রেমলিন। জেলেনস্কি বাহিনীর আক্রমণে চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন ভারতীয় কর্মী রয়েছেন। জখম হয়েছেন তিন ভারতীয় সহ কমপক্ষে ১২ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়ার ভারতীয় দূতাবাস। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ‘ভারতীয় কর্মীর মৃত্যুর খবরে আমরা শোকস্তব্ধ। কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’ হামলার বিষয়টি ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘তাস’ জানিয়েছে, গত এক বছরে এটাই মস্কোর বুকে সবথেকে বড়ো হামলা।
সংবাদামাধ্যম সূত্রে খবর, ইউক্রেনের হামলায় খিমকি শহরে এক মহিলার মৃত্যু হয়েছে। পোগোরেলকি গ্রামে ড্রোন হামলায় প্রাণ হারান দুই ব্যক্তি। অন্যদিকে সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে আরও এক ব্যক্তির মৃত্যু হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ৫৫৬টি ড্রোন মস্কোর বিভিন্ন অঞ্চলকে নিশানা করেছিল। রাজধানীর আকাশসীমায় ঢোকার পরেই সেগুলিকে ধ্বংস করা হয়েছে। ড্রোনের ধ্বংশাবশেষ পড়ায় বেশকিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনকে জবাব দিতে পালটা হামলা চালায় পুতিন বাহিনী। তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইউক্রেনের বায়ুসেনা জানিয়েছে, কমপক্ষে ২৮৭টি ড্রোন নিক্ষেপ করে ক্রেমলিন। তার মধ্যে ২৭৯টি ধ্বংস করা হয়েছে।