


নয়াদিল্লি: ইরানের চাবাহার বন্দরের উপর মার্কিন নিষেধাজ্ঞা ছ’মাসের জন্য শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার একথা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। গত মাসে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানকে চাপে রাখতে সেদেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। এরই আওতায় চাবাহার বন্দরে ব্যবহারে অন্য দেশগুলিকে দেওয়া কিছু ছাড় আমেরিকা প্রত্যাহার করে নিয়েছিল। এখন আগামী ৬ মাসের জন্য সেখানে ভারতকে ছাড় দেওয়া হয়েছে বলে জানাল বিদেশ মন্ত্রক।
বাণিজ্যচুক্তি নিয়ে ভারতের সঙ্গে লাগাতার টানাপোড়েনের মধ্যে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পরও ইরানের উপর জারি হয়েছিল নিষেধাজ্ঞা। সেক্ষেত্রেও ব্যতিক্রম ছিল চাবাহার।
গত বছরই চাবাহার বন্দর নিয়ে ইরানের সঙ্গে ১০ বছরের চুক্তি করেছে ভারত। সেই চুক্তি অনুযায়ী, চাবাহারে ৩৭০ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা সরকারি সংস্থা ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘আমরা আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে লাগাতার আলোচনা করছি। তবে এবিষয়ে বিস্তারিত বাণিজ্য মন্ত্রকই জানাবে।’ প্রসঙ্গত, ইরানের দক্ষিণ উপকূলে সিসতান-বালোচিস্তান প্রদেশে অবস্থিত চাবাহার বন্দর। সেখানকার শহিদ বেহেস্তি টার্মিনালটি পরিচালনা করে ভারত। এই বন্দর আফগানিস্তানের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাবাহারের জন্যই পাকিস্তানকে এড়িয়ে সমুদ্রপথে আমদানি-রফতানি করতে পারে আফগানিস্তান।