


নয়াদিল্লি ও ওয়াশিংটন, ৩ জুন: ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে আমেরিকার। কিন্তু এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি। অপরদিকে আমেরিকার প্রেসিডেন্ট ভারতের উপরও শুল্ক চাপিয়ে রেখেছেন। তাই নয়াদিল্লি চাইছে ওয়াশিংটনের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে শুল্কের চাপ কমাতে। ওয়াশিংটনও সেই বিষয়ে আগ্রহী বলে জানিয়েছেন আমেরিকার বাণিজ্যসচিব হোয়ার্ড লুটনিক। তিনি জানিয়েছেন, ‘প্রথমে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিজেদের ঘরের দিকটা দেখতে হচ্ছে। যাতে আমেরিকাকে উন্নত এবং মজবুত করা যায়। তারপরে তিনি বন্ধু রাষ্ট্রগুলির বিষয়টি দেখবেন। ভারতের দিকগুলিও যাতে দেখা হয়, সেটিও তিনি নিশ্চিত করবেন।’
হোয়ার্ড লুটনিক জানিয়েছেন, বেশি সময় লাগবে না, দ্রুতই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে আমেরিকার। ‘সমাধান সূত্র পাওয়া গিয়েছে, যার ফলে লাভ হবে দুই দেশেরই,’ এমনটাই মত হোয়ার্ডের। তিনি আরও জানিয়েছেন, ‘যে দেশগুলি বাণিজ্য চুক্তির জন্য আগে আসবে, তারা ভালো সুযোগ পাবে। জুলাই ৪ থেকে ৯ তারিখের মধ্যে এলে রয়েছে সুবর্ণ সুযোগ। আমার মনে হয়, ভারতও ভীষণ ভাবে চেষ্টা করছে প্রথমের দিকে আসা দেশগুলির মধ্যে থাকতে। আমি এটার প্রশংসাই করছি। তবে এই ধরনের চুক্তিতে আগে দুই-তিন বছর সময় লাগত। এখন আমরা এক মাসের মধ্যে সেটি সম্পন্ন করার চেষ্টা করছি। কোনও দু’টি দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এমনটা সাধারণত দেখা যায় না।’ সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষেই নয়াদিল্লিতে শেষবারের মতো বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের আলোচনা রয়েছে। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছে নয়াদিল্লি। এমনকী ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন।