


ওয়াশিংটন: বিশ্বজুড়ে সমস্ত মার্কিন দূতাবাস ও উপদূতাবাসে ভিসা ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত রাখার ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন বিদেশ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে ভিসা যাচাইয়ের সঙ্গে যুক্ত আধিকারিকদের জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সেই কারণেই সাময়িকভাবে ভিসা ইন্টারভিউ স্থগিত করা হয়েছে। প্রশিক্ষণপর্ব শেষ হলে নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। তবে তা কবে থেকে, সেসম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই অভিবাসীদের উপর একের পর এক কোপ নেমে এসেছে। গ্রিন কার্ডে কড়াকড়ি থেকে অবৈধ অভিবাসী ফেরত, ট্রাম্পের নীতির কারণে মার্কিন মুলুকে সমস্যায় পড়েছেন ভারত সহ পৃথিবীর বহু দেশের ছাত্র ও চাকুরীজীবীরা। জানা গিয়েছে, ভিসা নিয়ে আমেরিকায় যাওয়ার পর কেউ যাতে সেদেশের সরকারের বোঝা না হয়ে পড়েন, তা রুখতেই এই প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হচ্ছে। এক আধিকারিক বলেছেন, ‘সমৃদ্ধ আমেরিকার অর্থ, ভিসা পাওয়া ব্যক্তি মার্কিন আইনকে ঢাল করে সরকারের উপর নির্ভরশীল হয়ে পড়বেন না। এই ধরনের সহায়তা শুধু মার্কিন নাগরিকদের জন্যই থাকা হওয়া উচিত।’
দ্বিতীয়বার ক্ষমতায় এসেই কঠোর অভিবাসন নীতি নিয়েছেন মার্কিন ট্রাম্প। গ্রিন কার্ডের ক্ষেত্রে যেমন কঠোর বিধিনিষেধ চালু হয়েছে, তেমনই অবৈধ অভিবাসী অভিযোগে বহু মানুষকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সম্প্রতি ভিন দেশের দক্ষকর্মীদের জন্য প্রয়োজনীয় এইচ১বি ভিসা আবেদনের ক্ষেত্রে ফি বাড়িয়ে ১ লক্ষ ৩ হাজার ২৬৫ ডলার করেছে আমেরিকা।