


সংবাদদাতা, কাঁথি: দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনের সময়সূচির পরিবর্তন হচ্ছে আগামী সোমবার, ২২ জুন থেকে। মন্দিরের বিভিন্ন গেটে এই মর্মে বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে। জানা গিয়েছে, আগের মতোই সকাল ৬টা থেকে খোলা হবে মন্দিরের দরজা। বন্ধ হবে দুপুর ১টায়। আগে দুপুর ১টার পর দু-ঘণ্টা বন্ধ থেকে বিকাল ৩টেয় মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে যেত। আগামী সোমবার থেকে বিকাল ৩টের পরিবর্তে ৪টেয় খোলা হবে গেট। মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, ৩টে নাগাদ রোদের তেজ ভালোই থাকে। সেইসময় মন্দির ঘুরে দেখতে দর্শনার্থীদের সমস্যা হয়। আবার আধ্যাত্মিক কারণও রয়েছে। দুপুরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রাজভোগের পর বিশেষ মধ্যাহ্ন বিশ্রামের প্রয়োজন হয়। সেই বিশ্রামের পর্যাপ্ত সময় থাকা দরকার। তাই একঘণ্টা বিশ্রামের সময় বাড়ানো হল।
এদিকে, আর প্রায় একমাস পর ১৬ জুলাই রথযাত্রা। দ্বিতীয় বছরের রথযাত্রার জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। ইতিমধ্যে মন্দির চত্বরে থাকা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পৃথক তিনটি রথে রঙের প্রলেপ দেওয়া শুরু হয়েছে। রথের চাকাসহ সবকিছু ঠিকঠাক রয়েছে কি না, দেখে নেওয়া হচ্ছে। সূত্রের খবর, মন্দির কর্তৃপক্ষের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে রথযাত্রা উৎসবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। তিনি উল্টোরথের দিন উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।
মন্দিরের প্রধান পুরোহিত তথা ট্রাস্ট কমিটির সদস্য রাধারমণ দাস বলেন, সবদিক বিচার বিবেচনা করে মন্দির দর্শনের সময়সূচিতে বদল ঘটানো হয়েছে। একইসঙ্গে রথযাত্রার যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছি আমরা।