


মাদ্রিদ, ৪ ফেব্রুয়ারি: শিশু-কিশোরদের মানসিক ও সামাজিক বিকাশ সুরক্ষিত রাখতে অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং ডেনমার্কের পর এবার পদক্ষেপ নিল স্পেন। ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে ইউরোপের এই দেশ। সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বয়স যাচাইকে কঠোরতা আনছে স্পেনের সরকার। সেদেশের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই এই নতুন আইন প্রক্রিয়া শুরু হবে।
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে স্পেনের প্রধানমন্ত্রী এখন দুবাইয়ে। সেখানে তিনি বলেন, 'দেশে১৬ বছরের কম বয়সিদের জন্য আমরা সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পদক্ষেপ নিচ্ছি। পাশাপাশি বিদ্বেষপূর্ণ কনটেন্ট সরাতেও সরকার কোঠোর পদক্ষেপ নেবে'। তিনি আরও বলেন, এক অসুরক্ষিত জগতের সংস্পর্শে আসছে আমাদের দেশের শিশুরা। এই ডিজিটাল 'ওয়াইল্ড ওয়েস্ট' থেকে আমরা তাদের রক্ষা করব'।
সম্প্রতি ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’তে ১৫ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ বিলের পক্ষে বিপক্ষে ভোট হয়। সেখানে বিলটির পক্ষে ১৩০টি এবং বিপক্ষে ২১টি ভোট পড়ে। কার্যতই বিলের পক্ষেই ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রঁ সরকার। এবার ঠিক একই পথে হাঁটছে স্পেন।