


ত্রিনিদাদ: মুত্তাইয়া মুরলীধরন ও শেন ওয়ার্ন— কে সেরা? ক্রিকেট মহলে চর্চাটা চিরকালীন। সম্প্রতি ইউটিউবে এক শোয়ে এই প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেছেন ব্রায়ান লারা। তিনি এগিয়ে রেখেছেন ওয়ার্নকেই। তবে মুরলীকে সামলাতে বেশি চাপে পড়ার কথাও স্বীকার করেছেন ত্রিনিদাদের রাজপুত্র। লারা বলেছেন, ‘ওয়ার্নই সেরা। তবে মুরলীকে সামলাতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়তাম। এক সিরিজে তিন টেস্টে ৬৮৮ রান করেছিলাম শ্রীলঙ্কার বিরুদ্ধে। তবে ক্রিজে গিয়ে প্রথম আধঘণ্টা হদিশই পেতাম না মুরলীর ডেলিভারির। সুইপ মারলেও আক্রমণাত্মক ফিল্ডিং সাজাত আমার বিরুদ্ধে। ফলে চাপ থেকেই যেত। তাই বলতে দ্বিধা নেই, ওয়ার্নের চেয়ে মুরলীকে সামলাতে বেশি সমস্যায় পড়েছি।’
ওয়ার্ন সম্পর্কে লারার মূল্যায়ন, ‘ধরা যাক, ওয়ার্নের প্রতিটা বল ব্যাটের মাঝখান দিয়ে খেলছি। কিন্তু দুপুর দুটো-তিনটে নাগাদ হয়তো একটা জাদুকরী ডেলিভারি বের করে আনল ও। যার কোনও জবাব নেই। এজন্যই এগিয়ে রাখছি ওয়ার্নকে।’