


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এখনো এরাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তার আগেই অবৈধ লেনদেনে রাশ টানতে ও নজরদারি বাড়াতে উদ্যোগী হল আয়কর দপ্তর। রাজনৈতিক প্রচারে লাগামছাড়া খরচ, ভোটারকে প্রভাবিত করার জন্য খরচের বহর বৃদ্ধি প্রভৃতির দিকে নজরদারি চালাবে ইনকাম ট্যাক্স বিভাগ। তার জন্য ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারদের নিয়ে একটি আলাদা সেল তৈরি করেছে দপ্তরের ইনভেস্টিগেশন বিভাগ। নগদ টাকা ও অন্যান্য সম্পদের উপর নজরদারি চালানোর জন্য কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও আলাদা আলাদা অফিসার নিয়োগ করা করা হয়েছে। যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বালুরঘাট, বাঁকুড়া, কোচবিহার, দার্জিলিং, বর্ধমান, দুর্গাপুর, হলিদয়া, কালিম্পং, মালদহ, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, রায়গঞ্জ এবং সিউড়ি। তবে কলকাতায় সর্বাধিক আধিকারিককে রাখা হয়েছে এই কাজে। মোট ছজন শীর্ষস্থানীয় আধিকারিক কলকাতার উপর নজরদারি চালাবেন। চিফ কমিশনার, প্রিন্সিপাল কমিশনার পদাধিকারিরা এঁদের থেকে রিপোর্ট তলব করবেন।
প্রসঙ্গত, নির্বাচনি প্রক্রিয়া পুরোদমে শুরু হয়ে গেলে রাজ্যের নানা প্রান্তে ভোটকেন্দ্রিক অবৈধ লেনদেন রুখতে আয়কর দপ্তর সক্রিয় হয়ে ওঠে। নিজেদের রুটিন কাজের পাশাপাশিই এগুলি তারা করে থাকে। খানাতল্লাশির পাশাপাশি যেকোনো সূত্র থেকে আসা তথ্যের উপর ভিত্তি করে নজরদারি চালায় তারা। এই বিষয়ে রাজ্য প্রশাসনেরও সহযোগিতা নেয় তারা।