


ইন্দোর, ১২ জুলাই: ডাকাতির পর যৌন নির্যাতনের অভিযোগ। নক্কারজনক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের আলিরাজপুরে। পুলিশ সূত্রে খবর, ওই এলাকার বোরি থানার অন্তর্গত একটি বাড়িতে লুটপাট চালাতে ঢোকে একদল দুষ্কৃতী। সেই সময় বাড়িতে ছিলেন চল্লিশোর্ধ্ব এক আদিবাসী মহিলা। অভিযোগ, কালো কাপড়ে মুখ ঢাকা ওই দুষ্কৃতীরা বাড়িতে থাকা রুপোর গয়না এবং মোবাইল হাতিয়ে নেয়। এরপর ওই মহিলাকে যৌন হেনস্তা করার পর তাঁর গোপনাঙ্গে কাঠের অংশ ঢুকিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে ইন্দোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, যৌন নির্যাতনের পর ওই মহিলার উপর নৃশংসভাবে অত্যাচার চালানো হয়েছে। তাঁর গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতনের সময় গোপনাঙ্গে কাঠের বস্তু ঢুকিয়ে দেওয়া হয়েছিল এমন প্রমাণও মিলেছে। ইতিমধ্যেই তাঁর অস্ত্রপচার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অকুস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। এই ঘটনা আদিবাসী এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। অপরদিকে, নির্যাতিতার সঙ্গে দেখা করেছেন এলাকার কংগ্রেসের শীর্ষ নেতারা। সিট গঠনের দাবিও তুলেছে হাত শিবির।