


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর প্রাক্কালে কল্যাণী ও আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য বিশেষ উপহার দিল রেল। কল্যাণী রেল স্টেশনে যাত্রী ও আমজনতার জন্য খুলে দেওয়া হল বিশ্বমানের ক্যাফেটেরিয়া ও লাউঞ্জ। সেখানে ট্রেন যাত্রীদের জন্য ওয়েটিং রুম, চাউল্ড কেয়ার রুম, শৌচালয় এবং খানাপিনা করার যাবতীয় ব্যবস্থা থাকবে। একতলার জেনারেল ওয়েটিং রুমে অপেক্ষামান যাত্রীদের বসার জন্য বিশেষ জায়গা রয়েছে। এলইডি আলোয় রাঙানো ঘরে স্টিলের চেয়ারে আরামে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে যাত্রীদের কোনও পয়সা দিতে হবে না। এই ফ্লোরেই রয়েছে এগজিকিউটিভ লাউঞ্জ। সেখানে প্রবেশের জন্য অবশ্য
ব্যবহারকারীদের গ্যাটের কড়ি খরচা করতে হবে। এসি ঘরে রিকলাইনার কিংবা প্রিমিয়াম কুশন সমৃদ্ধ চেয়ারে বসে নিরাপদে ট্রেনের জন্য অপেক্ষা করতে পারবেন। এখানেই রয়েছে সম্পূর্ণ পৃথক চাইল্ড কেয়ার রুম। পরিচ্ছন্ন-স্বচ্ছ ওই ঘরে কোলের শিশুদের জন্য মায়েরা সমস্ত যত্ন নিতে পারবেন। এছাড়া রয়েছে দোতলা এবং খোলা ছাদের অংশে। এখানে রয়েছে পরিচিত সমস্ত কফি চেন, একঝাঁক নামী ব্র্যান্ডের রেস্তরাঁ। ঝাঁ চকচকে ইন্টেরিয়ারে সাজানো গোটা অন্দরমহল। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ঘরে পরিবশেবান্ধব ব্যবস্থাপনায় খাদ্য পরিবেশন করা হয়। পৃথক জায়গায় রয়েছে সাফ-সুতরো শৌচাগার। গোটা ব্যবস্থাপনা অগ্নিসুরক্ষা বিধি মেনে করা হয়েছে। পাশাপাশি অগ্নি শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে গোটা লাউঞ্জ ও ক্যাফেটেরিয়ায়।
শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা বলেন, স্টেশন চত্বরের ভোল বদলে দিয়ে যাত্রী স্বাচ্ছন্দ্যের মান উন্নয়নে রেল বদ্ধপরিকর। তার অঙ্গ হিসাবে কল্যাণী স্টেশনে নয়া এই পকিল্পনার স্বার্থক বাস্তবায়ন করা হয়েছে। নিজস্ব চিত্র