


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুধু পারিপার্শ্বিক পরিমণ্ডলের নয়, বিশেষ পদ্ধতিতে এবার ঘরের মধ্যেও বাতাসে দূষণ পরিমাপক ‘এয়ার কোয়ালিটি ইনডেক্সে’র (একিউআই) মান জানা যাবে। একিউআইয়ের এহেন নয়া ‘মানচিত্র’ উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। তাতে দেখা গিয়েছে, দিল্লি ও এনসিআর শহরগুলিতে ঘরের মধ্যেও চরম বিষ-বায়ুর শিকার হতে হচ্ছে আম জনতাকে। স্বাভাবিকভাবে যা নিয়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। কারণ, বাইরের দূষণ থেকে বাঁচার জন্য প্রবীণ নাগরিক, শিশু ও অল্প বয়সিদের ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকের একটি বড় অংশ। দিল্লি-এনসিআরের সরকারি, বেসরকারি অফিসে অর্ধেক কর্মীকে ইতিমধ্যে ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ দিয়েছে পরিবেশ মন্ত্রকের আওতাধীন সংস্থা সিএকিউএম। সেক্ষেত্রে যদি ঘরেই শত্রু ‘বিভীষণ’ লুকিয়ে থাকে, তাহলে তার মোকাবিলা করা নিয়েই কার্যত ঘুম উড়েছে বাসিন্দাদের।
বিরোধী রাজনৈতিক দলগুলি দিল্লিতে হেলথ ইমার্জেন্সি ঘোষণার দাবি তুলেছে। যদিও পরিস্থিতি যে ক্রমশ বিপজ্জনক হচ্ছে, তা মানতে চাইছে না দিল্লির বিজেপি সরকার। অন্তত এমনই অভিযোগ আম আদমি পার্টি (আপ), কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলির। এই পরিস্থিতিতে শহরজুড়ে খোঁজ পড়েছে রুম এয়ার পিউরিফায়ারের। জানা যাচ্ছে, ঘরের বাতাসের এয়ার কোয়ালিটি মাপার উদ্ভাবনের কৃতিত্ব আইআইটি যোধপুর, এনআইটি ওয়ারাঙ্গাল এবং বিআইটিএস (বিড়লা ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড সায়েন্স) পিলানির বিজ্ঞানীদের। দেশের প্রথম ‘ইন্ডোর এয়ার কোয়ালিটি’ (আইএকিউ) ইনডেক্স মাপার পদ্ধতি আবিষ্কার করেছেন তাঁরা। তাতে দেখা গিয়েছে, দূষণ থেকে বাঁচতে যদি ঘরে থাকা যায়, তাহলে শারীরিক ক্ষতি আরও বেশি হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, বহু ক্ষেত্রেই ঘরের বাতাস বাইরের তুলনায় দ্বিগুণ থেকে পাঁচগুণ পর্যন্ত বেশি দূষিত হয়ে রয়েছে।
কিন্তু এই পরিস্থিতি কেন? সায়েন্স জার্নাল ‘রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রি’তে প্রকাশিত ওই বিজ্ঞানীদের গবেষণা জানাচ্ছে, ঘরে নিত্যদিনের রান্না, ঘর পরিষ্কারের মতো প্রাত্যহিক কাজকর্মের কারণে ঘরের বাতাস বাইরের তুলনায় অনেক বেশি দূষিত হয়ে উঠছে। কারণ এইসব কাজ ঘরের বাতাসে দূষণ সৃষ্টিকারী পিএম২.৫ এবং পিএম১০-এর মাত্রা এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এর ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। বিজ্ঞানীদের পরামর্শ, ঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের বন্দোবস্ত রাখা বা বাইরে যখন মাত্রাছাড়া দূষণ, তখন ঘর সাফাইয়ের কাজ কিছুটা কম করলে সাময়িক সুরাহা মিলতে পারে।