


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ছ’বছর পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব ফিরল কলেজ স্ট্রিট ক্যাম্পাসের শতবার্ষিকী ভবনে। সোমবার রাজ্যপাল তথা আচার্য আর এন রবির উপস্থিতিতে নির্বিঘ্নে মিটল অনুষ্ঠান। রাজ্যপাল তাঁর বক্তব্যে কেন্দ্রীয় সরকারের ধাঁচে দাবি করেন, ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হয়ে উঠবে ভারত। এর জন্য ছাত্রছাত্রী এবং গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানান। এও দাবি করেন, ২০১৪ সালের পর থেকে দেশের উন্নয়ন গতি পেয়েছে। যদিও, অনুষ্ঠান শেষে রাজনীতি নিয়ে কোনো প্রশ্নের উত্তর তিনি দিতে চাননি। বরং অনুষ্ঠানে এসে তাঁর ভালো লেগেছে, সেটা জানিয়েই বেরিয়ে যান। গোটা অনুষ্ঠানে ১১০০-র বেশি গবেষককে নিজের হাতে শংসাপত্র তুলে দেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি, খড়্গপুর আইআইটির অধিকর্তা সুমন চক্রবর্তী জানান, ইঞ্জিনিয়ারিংয়ে এমন একটি কোর্সের স্বপ্ন তিনি দেখেন, যেখানে কোনো আলাদা ক্ষেত্র ভাগ করা থাকবে না। স্রেফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাবেন ছাত্রছাত্রী ও গবেষকরা। পাঠ্যসূচিতে বাস্তব সমস্যা সমাধানের বিষয় উঠে আসা উচিত বলেও সুপারিশ করেন তিনি। এদিনের অনুষ্ঠানে, দু’জনকে ডিলিট এবং একজনকে ডিএসসি উপাধি দেওয়া হয়েছে। উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, ‘নির্বাচনের আবহে সমাবর্তনের অনুমতি পেতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। তা সত্ত্বেও সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে পেরে ভালো লাগছে।’