


লাহোর: এক অনুষ্ঠানে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে গান গাওয়ার অভিযোগ। শনিবার রাতের এই ঘটনায় এক পেশাদার গায়ক ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশ। অভিযুক্তের নাম কাওয়াল ফ্রাজ আমজাদ খান। সোমবার পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র বলেন, ‘শনিবার রাতে লাহোরের শালিমার গার্ডেন্সে অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠানের জন্য আর্থিক সাহায্য করেছিল পাক সরকার। সেখানে ‘কয়েদি নম্বর ৮০৪’ গানটি পরিবেশন করেন কাওয়াল ফ্রাজ আমজাদ খান ও তাঁর টিম। সংশ্লিষ্ট গানটির সঙ্গে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের যোগ রয়েছে। সেটি গাওয়ার ফলে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও হিংসা ছড়াতে পারত। আম জনতাকে উসকানি দেওয়ার অভিযোগে কাওয়াল ও তাঁর দলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।’ যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কাওয়াল। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের কাছে এফআইআর বাতিলের আর্জিও জানিয়েছেন। তাঁর কথায়, ‘আমি একজন শিল্পী। মঞ্চের সামনে থাকা এক ব্যক্তি রীতিমতো হুমকির সুরে আমাকে গানটি গাইতে বলেন। প্রশাসন শিল্পীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল। তাই তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।’ সংশ্লিষ্ট অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে ছিল দ্য ওয়াল্ড সিটি অব লাহোর অথরিটি। সংস্থার এক মুখপাত্র বলেন, ‘ঘটনায় গাফিলতির অভিযোগে তিন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।’