


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামীকাল ২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে পিএফ দপ্তরের ‘নিধি আপকে নিকট’ কর্মসূচি। এমনটাই জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। পিএফ গ্রাহক এবং পেনশনভোগীরা কোনো সমস্যায় পড়লে দপ্তরে অভিযোগ জানাতে পারেন। এছাড়া প্রত্যেক মাসের ২৭ তারিখ পিএফ দপ্তরের কর্মী এবং অফিসাররা বিভিন্ন এলাকায় গিয়ে ক্যাম্প করেন। গ্রাহক এবং পেনশনভোগীদের অভিযোগগুলি শোনেন তাঁরা। সেখানেই তার সমাধানের উদ্যোগ নেওয়া হয়। সেই কর্মসূচির নাম ‘নিধি আপকে নিকট’।
এই প্রকল্পে হাওড়া রিজিওনাল অফিসের আওতায় এবারের নিধি আপকে নিকট অনুষ্ঠিত হতে চলেছে উলুবেড়িয়ার মালঞ্চবেড়িয়ায় আইটিসি লিমিটেডের অফিসে। হুগলিতে ক্যাম্প হওয়ার কথা পোলবা দাদপুরের বিবেকানন্দ বিদ্যাভবনে। পূর্ব মেদিনীপুরের ক্যাম্প হবে ভূপতিনগরে মুগবেড়িয়া ব্যাংক মোড়ে মুগবেড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে। পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে এই ক্যাম্প হওয়ার কথা আইআইটি খড়্গপুরের কাছে দিশা সীমা সেন্টার স্কুলে। ঝাড়গ্রামের ক্ষেত্রে তা হবে ঘোড়াধরার অনন্যা রিসেপশন হোম স্টে-তে।
পিএফের আঞ্চলিক অফিস বারাকপুরের আওতায় ক্যাম্প হবে কৃষ্ণনগরের সুকান্ত সরণির বিদ্যাসাগর শিশু নিকেতনের ইউনিট টু’তে। উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে ক্যাম্প হওয়ার কথা বসিরহাট মৈত্রবাগানে দাস অটো ডিস্ট্রিবিউটরের অফিসে। বহরমপুর আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে মুর্শিদাবাদের জঙ্গিপুরের ঘোড়শালার জাহাঙ্গির এন্টারপ্রাইজে। দার্জিলিংয়ের ক্ষেত্রে নিধি আপকে নিকট শিবির হবে নর্থ পয়েন্ট থানার আওতাভুক্ত সানগড টি এস্টেটে। শিলিগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প অফিস হবে তিনধারিয়ার সিপয়ধুরা টি এস্টেটে, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভায়, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের জগন্নাথবাটি এসকেইউএস লিমিটেডের অফিসে। কালিম্পংয়ে আপারকার্ট রোডের মেফেয়ার হোটেল এবং মালদহের বি জি রোডের দিশারি হেলথ পয়েন্টে বসবে ক্যাম্প। দুর্গাপুর আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টিল প্লান্টে। এছাড়াও আসানসোলের গোপালপুরে শ্রমা পলি ফ্যাবে বসবে ক্যাম্প। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে দেওয়ানদিঘির এইচএমবি ইস্পাত এবং বাঁকুড়ার সোনামুখী পুরসভায় বসবে শিবির। বীরভূমের ক্ষেত্রে তা হবে সিউড়ির হোটেল সাগর এবং পুরুলিয়ার ওল্ড মানবাজার রোডের পুরুলিয়া চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিতে বসবে ক্যাম্প। জলপাইগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে ওয়াসাবাড়ি টি এস্টেট, আলিপুরদুয়ারের তোর্সা টি এস্টেট এবং কোচবিহারের ডব্লুবিআআইডিসি ইন্ডাস্ট্রি গ্রোথ সেন্টারের কামাক্ষী জুট ইন্ডাস্ট্রিতে। কলকাতা আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প কোথায় হবে, এখনো চূড়ান্ত করে উঠতে পারেনি ইপিএফও।