


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর মধ্যেই কেন্দ্রীয় সরকার নির্দেশিত ‘স্বচ্ছতা পাখওয়াড়া’ প্রকল্পে অংশ নিতে হবে রাজ্যের স্কুলগুলিকে। ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সময়সীমা দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশ পেয়ে রাজ্য সমগ্র শিক্ষা মিশনও যথারীতি সেই বিজ্ঞপ্তি জেলাগুলিকে পাঠিয়েছিল। জেলা সমগ্র শিক্ষা মিশন থেকে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্কুলগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে। তবে শিক্ষকদের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে কি পুজোর মধ্যে স্কুল খোলা রেখে এই প্রকল্প রূপায়ণ করতে হবে? যদিও রাজ্য সমগ্র শিক্ষা মিশনের এক কর্তা বলেন, ‘পুজোর মধ্যে ওসব করতে হবে না।’ অন্য এক আধিকারিক বলেন, ‘এক পক্ষকাল সময় রয়েছে। তার মধ্যেই যে কোনও সময় এটি পালন করা যাবে।’ এখানেই প্রশ্ন উঠছে,তাহলে কেন কেন্দ্রের স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত এই প্রকল্পের বিজ্ঞপ্তি হুবহু তুলে দেওয়া হয়েছে রাজ্যের তরফেও? সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপুজোর অষ্টমীতে এই প্রকল্পে কৃতী স্কুলগুলিকে পুরস্কৃত করতে হবে। সেই একই বিজ্ঞপ্তি জেলাগুলিও দিচ্ছে স্কুলগুলিকে। ‘বাংলা পক্ষ’ সংগঠনটি এই বিষয়টিকে দুর্গাপুজোয় বিঘ্ন ঘটানোর জন্য কেন্দ্রীয় সরকারের চক্রান্ত বলে সোচ্চার হয়েছে।