


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীর্ঘদিনের খরা কাটিয়ে গতবার জেএনইউ ছাত্র সংসদ নির্বাচনে তিনটির মধ্যে একটি পদে জিতেছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যুগ্ম-সম্পাদক পদটি গিয়েছিল বিদ্যার্থী পরিষদের দখলেই। এবার বামপন্থীদের আরও বড় ধাক্কা দিতে শুরু থেকেই কোমর বেঁধেছে বিজেপি। মঙ্গলবার জেএনইউ ছাত্র সংসদের নির্বাচন হয়েছে। রাত ৯টা থেকেই কড়া নিরাপত্তায় ভোট গণনা শুরু হয়েছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হবে কাল, বৃহস্পতিবার। জেএনইউ ইলেকশন কমিটি জানিয়েছে, ছাত্র সংসদ নির্বাচনে মঙ্গলবার ৬৭ শতাংশ ভোট পড়েছে। গতবার ছিল ৭৩ শতাংশ। আজ, বুধবার দুপুরের মধ্যে ‘ট্রেন্ড’ অনেকটাই স্পষ্ট হয়ে যেতে পারে। সভাপতি, সহ সভাপতি, যুগ্ম সম্পাদক এবং সম্পাদক - জেএনইউ ছাত্র সংসদের এই চারটি পদে সেন্ট্রাল প্যানেলের নির্বাচন ছাড়াও মঙ্গলবার একইসঙ্গে ভোট হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্কুল কাউন্সিলর পদগুলিতেও। চারটি পদের জন্য মোট প্রার্থীর সংখ্যা ২০ জন। যোগ্য নির্বাচক পড়ুয়ার সংখ্যা ৯ হাজার ৪৩ জন। এবারের নির্বাচনে মহিলা প্রতিনিধিত্ব অনেকটাই বেশি। সেন্ট্রাল প্যানেল পোস্টে অন্তত ৩০ শতাংশ মহিলা প্রার্থী।