


নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা: আগামী ৩ জুলাই বিশ্ব প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। সেই দিনটি মাথায় রেখে রাজ্যজুড়ে আগামী ১ থেকে ৩ জুলাই পর্যন্ত বিশেষ কর্মসূচি নিচ্ছে পঞ্চায়েত দপ্তর। এর জন্য ব্লকে ব্লকে সচেতনতামূলক প্রচার শুরু হবে ২৫ জুন থেকে। সেই সব সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন। পরবর্তীকালে তাঁরা এলাকাবাসীর মধ্যে প্লাস্টিকের বিপদ নিয়ে সচেতনতা প্রচার করবেন।
গোটা রাজ্যে ‘প্লাস্টিক দান’ শিবির করবে পঞ্চায়েত দপ্তর। প্রতিটি পর্যটন কেন্দ্র, ধর্মীয় স্থান, বাজার, শিক্ষা প্রতিষ্ঠানে এই শিবির করতে হবে। উদ্দেশ্য হল, রাস্তাঘাটে প্লাস্টিক ফেলে দূষণ ছড়ানোর বদলে শিবিরে দান করলে সেগুলি অন্যান্য কাজে লাগানো যাবে। যে কেউ শিবিরে এসে প্লাস্টিক দান করলে বিনিময়ে পাবেন একটি কাপড়ের ব্যাগ। এই ক্যাম্প সফল করতেই ২৫ জুন থেকে চলবে প্রাকশিবির বৈঠক। তার জন্য জেলাশাসকদের চিঠির সঙ্গে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও পাঠানো হয়েছে। এই বৈঠকে পঞ্চায়েতের সদস্য-কর্মী, এলাকার ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, সরকারি সংস্থার কর্তা, স্বনির্ভর গোষ্ঠী থেকে সুশীল সমাজের প্রতিনিধিদেরও যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তরের পরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ৩ জুলাই কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রগুলি প্রস্তুত রাখতে হবে। সেখানে যাতে কোনও আবর্জনা পড়ে না থাকে, তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। যেখানে যেমন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ হবে, সেটাই তুলে দিতে হবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের সুপারভাইজারের হাতে।