


কেরল, ১২ মার্চ: প্রয়াগরাজের কটা চোখের সেই অতলস্পর্শী চাহনির মেয়েটিকে মনে আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন মোনালিসা ভোঁসলে। যিনি কুম্ভ গার্ল নামে বিখ্যাত হয়েছিলেন। তিনি বিয়ে করলেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী ফরমান খানকে। পূর্ণতা পেল ৬ মাসের সম্পর্ক। কিন্তু মুসলিম পাত্রকে বিয়ে করার বিষয়ে সায় ছিল না মোনালিসার পরিবারের। তবে বিয়ে করলে ফরমানকেই বিয়ে করবেন বলে নাছোড়বান্দা পাত্রীও। নিরাপত্তা চেয়ে দ্বারস্থও হন পুলিশের। জানান, পাত্র মুসলিম হওয়ায় তাঁর বাবা এই বিয়ে মেনে নিচ্ছেন না। তাঁকে বাধা দিচ্ছেন। এমনকী বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করছেন। এরপরই মুশকিল আসানে আসরে নামে পুলিশ।
কেরলে পুলিশি নিরাপত্তায় চারহাত এক হয় মোনালিসা-ফারহানের। তিরুবনন্তপূরমের নাইনার মন্দিরে বিয়ে সারেন তাঁরা। পুলিশের ব্যবস্থা করে দেয় কেরল সরকার। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক নেতাও। দেখা যায়, ভি শিবাকুট্টি, এমভি গোবিন্দন ও এএ রহিমের মতো কেরলের বাম নেতাদের। এই বিয়ের পর এক পুলিশ আধিকারিক জানান, দু’জনেই প্রাপ্তবয়স্ক। কাজেই বিয়ের ক্ষেত্রে কোনও বাধাই নেই। তাঁরা বিয়ে করে সংসার করতে চান। কিন্তু তাঁদের পরিবারের এই বিয়েতে মত নেই। কাজেই মোনালিসা এবং ফরমান পুলিশের সাহায্য চেয়েছেন। বিয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোনালিসা জানান, তিনি অত্যন্ত খুশি। কেরল আমাদের অত্যন্ত পছন্দের জায়গা। সেই জন্যই এই স্থানকে বিয়ের জন্য বেছে নিয়েছিলাম আমরা।