


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মার্কুইস স্ট্রিট থেকে বিপুল পরিমাণ ডলার সহ ধরা পড়ল তিন কারবারি। ভারতীয় মুদ্রায় ওই ডলারের মূল্য চার কোটি টাকা। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করেছে পার্ক স্ট্রিট থানা। খিদিরপুরের একটি বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রে নগদ টাকা দিয়ে ডলার নিয়েছিল তারা। অভিযোগ, হাওলার টাকা তারা কলকাতায় নিয়ে এসে ডলারে বদলে ফেলছে। এই কাজে তাদের সাহায্য করছে শহরে অবৈধ মানি এক্সচেঞ্জার ব্যবসায় যুক্ত একাধিক কারবারিরা।
পুলিশের কাছে খবর ছিল, মুম্বইয়ের তিনজন কলকাতায় এসে ডলার তুলেছে। খিদিরপুরের একটি বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রে ডলার নেওয়ার পর মার্কুইস স্ট্রিটে আসছে। সেখানে আরও কিছু ডলার নেওয়ার কথা। সেইমতো পার্ক স্ট্রিট থানার অফিসাররা সেখানে পৌঁছন। তাঁরা দেখেন তিন যুবক একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সন্দেহের বশে ব্যাগে থাকা তল্লাশি চালিয়ে দেখা যায়, তাতে প্রচুর ডলার রয়েছে। ভারতীয় মুদ্রায় সাড়ে চার কোটি টাকা। এই সংক্রান্ত কাগজপত্র তাদের কাছে চাওয়া হয়। তারা দেখাতে পারেনি। পুলিশকে জানায়, এভাবে তারা ডলার নিয়ে যায় কলকাতা থেকে। কিন্তু কোন ব্যাংকে তারা নগদ জমা করেছে এবং কত টাকার ডলার সংগ্রহ করতে পারে এই সংক্রান্ত নথি তারা দেখাতে পারেনি। গ্রেপ্তার করা হয় তিনজনকে। ওই ডলার বাজেয়াপ্ত করে পুলিশ।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা মুম্বই থেকে কলকাতায় এসেছিল। এক ব্যবসায়ী তাদের পাঠায়। ওই ব্যবসায়ীর সঙ্গে কলকাতায় বিভিন্ন বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রের কারবারিদের যোগাযোগ রয়েছে। তারা নগদ এখানে নিয়ে আসছে। সেগুলি ডলারে বদলে ফেলে মুম্বই নিয়ে যাচ্ছে। উদ্ধার হওয়া ডলার খিদিরপুরের একটি মানি এক্সচেঞ্জারের অফিস থেকে সংগ্রহ করেছিল। মার্কুইস স্ট্রিট এলাকার একটি বেআইনিভাবে মানি এক্সচেঞ্জের কারবার চালায় এমন একজনের কাছে ডলার নিত তারা। এই টাকা তারা আগে দিয়ে গিয়েছে। তদন্তকারীরা জেনেছেন, হাওলার টাকা কলকাতায় আসছে। তা ডলারে বদলে ফেলে চলে যাচ্ছে মুম্বই। পরে তা আবার দুবাইয়ে পৌঁছচ্ছে। কলকাতায় কারা হাওলার টাকা ডলারে বদলে দিচ্ছে ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।