


বুরহানপুর: বিয়ে এবং ধর্মান্তরিত হতে রাজি হননি প্রেমিকা। এজন্য তাঁকে নৃশংসভাবে খুন করল প্রেমিক। মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার নেপানগর থানার নাওয়ারা গ্রামের ঘটনা। অভিযুক্ত শেখ রইসকে গ্রেপ্তার করেছে পুলিস। মৃতের নাম ভাগ্যশ্রী নামদেব ধানুক (৩৫)। পুলিস জানিয়েছে, দীর্ঘদিন ধরে রইসের সঙ্গে মহিলার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিয়ের জন্য ভাগ্যশ্রীকে চাপ দিতে থাকে অভিযুক্ত। শুধু তাই নয়, তাঁকে ধর্মান্তরিত হতেও বলা হয়। এতে ভাগ্যশ্রী রাজি হয়নি। এজন্য রেগে যায় রইস। দু’জনের মধ্যে এনিয়ে তুমুল বচসা বাধে। শনিবার রাতে ঘরে ঢুকে ভাগ্যশ্রীকে খুন করে রইস। প্রথমে গলা কেটে তারপর শরীরে একের পর এক ছুরি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। এদিকে এই ঘটনায় এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হন বাসিন্দারা। হিন্দু সংগঠনগুলি এই ঘটনাকে ‘লাভ জিহাদ’ বলে উল্লেখ করেছে। রইসের বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় মামলা করেছে পুলিস।