


ব্যাংকক: ধ্বংসস্তূপ হাতড়ে এখনও চলছে প্রাণের সন্ধান। ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে মায়ানমারের পাশে রয়েছে ভারত। শুক্রবার আরও একবার সেকথা মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, প্রয়োজনে মায়ানমারকে আরও সাহায্য করতে প্রস্তুত ভারত। বর্তমানে সেখানে গৃহযুদ্ধ চলছে। দিকে দিকে বিমান হামলা আর মৃত্যু। এই অবস্থা কাটাতে দ্রুত একটি বিশ্বাসযোগ্য ও সর্বসম্মত নির্বাচন প্রক্রিয়া প্রয়োজন বলেও জানিয়েছেন মোদি।
শুক্রবার ব্যাংককে মায়ানমারের সামরিক সরকারের প্রধান জেনারেল মিন আং হ্লাইংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিমস্টেক সম্মেলনের ফাঁকে দু’জনের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ‘অপারেশন ব্রহ্ম’ নিয়েও দীর্ঘ আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা। এদিন মায়ানমারে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন মোদি। তাঁর বক্তব্য, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক মায়ানমার গঠনের ক্ষেত্রে সমস্ত রকমের সাহায্য করবে ভারত।
ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ইতিমধ্যেই একাধিক জায়গায় বোমা হামলা চালিয়েছে জুন্টা সেনা। এবার সামরিক সরকারের বিরুদ্ধে সরব সেখানকার সরকারি কর্মীরা। তাঁদের অভিযোগ, ভূমিকম্পের ধ্বংসস্তূপের মাঝে সরকারি কর্মী ও তাঁদের পরিবারকে একলা ছেড়ে দিয়েছে বর্তমান সরকার। প্রশাসনিক ও সামরিক শাসনের কেন্দ্রস্থল নে পি দ’তে একাধিক ভবন ধসে পড়েছে। চারদিকে মৃতদেহ। কিন্তু কোনওরকম উদ্ধার বা ত্রাণকার্যে আগ্রহ দেখাচ্ছে না সরকার। একাধিক সেনা আধিকারিক আসছেন। কিন্তু সাহায্য নয়, পরিদর্শনের নামে শুধু ছবি তুলে বাড়ি ফিরছেন তাঁরা।